৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১৪ কার্তিক ১৪৩৩
শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল

IMG_8cad3ae5-47b7-4596-8e9f-3ef3a3e02f97

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। ফলাফলের অপেক্ষায় রয়েছেন সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা অনলাইন ও মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে। অনলাইনে ফল দেখতে https://educationboardresults.gov.bd

ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও নিবন্ধন নম্বর দিতে হবে। পাশাপাশি যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত পদ্ধতিতে খুদে বার্তা পাঠিয়েও ফল জানা যাবে।

গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সূচি অনুযায়ী, ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়।

ফল প্রকাশের মধ্য দিয়ে কয়েক মাসের প্রস্তুতি, পরীক্ষা ও অপেক্ষার পর শিক্ষার্থীদের সামনে খুলবে উচ্চশিক্ষার পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার পথ। কাঙ্ক্ষিত ফল নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও এখন বিরাজ করছে প্রত্যাশা ও উৎকণ্ঠা।

Advertisements

Advertisements