এইচএসসির ফল প্রকাশ কাল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ফল প্রকাশের অনুষ্ঠান সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজনের কথা ছিল।
এ বছর গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন। তবে পরীক্ষা চলাকালে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটেও ফল দেখা যাবে। ওয়েবসাইট দুটি হলো—eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd।
এ ছাড়া মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার সাল লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এদিকে, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে। আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।



