৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১৪ কার্তিক ১৪৩৩
বিনোদন

নতুন গানে প্রেম ও বিচ্ছেদের অনুভূতি তুলে ধরবেন জেনিফার লোপেজ

images (4)

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। তার আসন্ন গান ‘প্রুফ অব লাভ’-এ ভালোবাসা, বিচ্ছেদ এবং কাছের মানুষকে হারানোর বেদনা উঠে আসবে। তবে গানের কথায় বিষণ্নতার ছোঁয়া থাকলেও সুরের আয়োজন রাখা হয়েছে বেশ প্রাণবন্ত ও আনন্দময়।

সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে লোপেজ জানান, সাবেক স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে তার যমজ সন্তান ম্যাক্স ও এমে মুনিজ কলেজে পড়তে যাওয়ার পর আবারও সংগীতচর্চায় মনোযোগী হন তিনি। সন্তানদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ার পর তার দৈনন্দিন জীবনে একধরনের শূন্যতা তৈরি হয়। সেই সময়টাতেই নতুন করে গান লেখা ও রেকর্ডিংয়ের কাজে ফিরে যান এই শিল্পী।

লোপেজের ভাষায়, সন্তানরা দীর্ঘদিন মা-বাবার জীবনের বড় একটি অংশজুড়ে থাকে। তারা একসময় নিজেদের পথে এগিয়ে গেলে জীবনে যে শূন্যতা তৈরি হয়, তা সহজে কাটিয়ে ওঠা যায় না। এমন অভিজ্ঞতার মধ্য দিয়েই তিনি আবার স্টুডিওতে ফেরেন। তার নতুন গানগুলোতে প্রাণবন্ত সুর থাকলেও কথার ভেতরে মিশে আছে বিষণ্নতা ও আবেগ।

‘প্রুফ অব লাভ’ গানটি আগামী নভেম্বরে প্রকাশিত হতে যাওয়া তার ২০১১ সালের অ্যালবাম ‘লাভ?’-এর প্রথম ভিনাইল সংস্করণে বোনাস ট্র্যাক হিসেবে যুক্ত হবে। গানটি নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে লোপেজ বলেন, প্রিয়জনকে হারানোর পর যে কষ্ট ও শোক অনুভূত হয়, সেটিও ভালোবাসারই একটি প্রকাশ। তার কাছে এই বেদনা শুধু বিচ্ছেদের কষ্ট নয়, বরং কারও প্রতি গভীর ভালোবাসা থাকারও একটি প্রমাণ।

এদিকে ‘লাভ?’ অ্যালবামের তিনটি ভিনাইল সংস্করণের প্রি-অর্ডার শুরু হয়েছে ২৮ অক্টোবর থেকে।

অন্যদিকে, ভক্তদের জন্য আরও একটি নতুন আয়োজন নিয়ে আসছেন এই তারকা। লোপেজের কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জে-লো শো: লাইভ ইন ভেগাস’ আগামী ২৬ নভেম্বর সিবিএসে প্রচারিত হবে। একই সঙ্গে এটি দেখা যাবে প্যারামাউন্ট প্লাসেও।

Advertisements
Advertisements