৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১৪ কার্তিক ১৪৩৩
বিনোদন

কেদারনাথে পূজা দিয়ে ফতোয়ার মুখে সারা আলি খান, ক্ষমা চাইতে বললেন মাওলানা

PIC-66-6ae4333c7bfba

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে পূজা দিতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। তার এই কর্মকাণ্ডকে ইসলামি শরিয়তবিরোধী আখ্যা দিয়ে ফতোয়া দিয়েছেন ইসলামি ধর্মীয় নেতা মৌলানা মুফতি শেহাবুদ্দিন রজভি বেরেলভি। একই সঙ্গে অভিনেত্রীকে তওবা করে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

গত ২৫ অক্টোবর কেদারনাথ মন্দিরে যান সারা আলি খান। সেখানে সাধারণ ভক্তদের সঙ্গে সারিতে দাঁড়িয়ে পূজা দেওয়ার অপেক্ষায় থাকতে দেখা যায় তাকে। মন্দিরে যাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় একটি ভিডিওবার্তায় নিজের অবস্থান তুলে ধরেন মৌলানা মুফতি শেহাবুদ্দিন রজভি। তার দাবি, ইসলামি শরিয়ত অনুযায়ী মুসলিমদের অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে পূজা-অর্চনা কিংবা ধর্মীয় আচার পালন করার অনুমতি নেই। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এ বিধান প্রযোজ্য বলে মন্তব্য করেন তিনি।

মৌলানা জানান, কয়েকজন মুসলিম যুবক সারা আলি খানের কেদারনাথ মন্দিরে পূজা দেওয়ার বিষয়টি নিয়ে তার কাছে জানতে চেয়েছিলেন। তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতেই তিনি নিজের মতামত প্রকাশ করেন।

অভিনেত্রীর মন্দিরে যাওয়া এবং সেখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পূজা দেওয়ার বিষয়টি উল্লেখ করে ওই ধর্মীয় নেতা বলেন, শরিয়তের দৃষ্টিতে এমন কাজ গ্রহণযোগ্য নয়। এ কারণে সারাকে তওবা করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আল্লাহর কাছে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন বলেও দাবি করেন তিনি।

তবে কেদারনাথ মন্দিরের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক বেশ পুরোনো। এর আগেও একাধিকবার মন্দিরটি পরিদর্শন করেছেন অভিনেত্রী। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেদারনাথের প্রতি নিজের ভালো লাগা ও আবেগের কথাও প্রকাশ করেছেন তিনি।

Advertisements

২০১৭ সালে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার শুটিংয়ের জন্য দীর্ঘ সময় ওই এলাকায় কাটান সারা। পরে এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি জানিয়েছিলেন, কেদারনাথের অভিজ্ঞতা তাকে ব্ল্যাক কফি, পাহাড়ে ট্রেকিং এবং পাহাড়ি খাবারের প্রতি আগ্রহী করে তুলেছে।

২০১৮ সালে মুক্তি পায় ‘কেদারনাথ’ সিনেমাটি। এতে সারা আলি খানের বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

Advertisements