ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সৃষ্টি; বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ার পর বঙ্গোপসাগরীয় অঞ্চলে আবহাওয়ার নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ আন্দামান সাগর ও এর আশপাশে সৃষ্টি হয়েছে নতুন একটি লঘুচাপ। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আগামী দুই দিন দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি হারায়। পরে এটি স্থল গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে স্থল নিম্নচাপে রূপ নেয়। বর্তমানে এটি ভারতের ছত্তিশগড় ও পার্শ্ববর্তী এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। সেখান থেকে আরও উত্তর দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়তে পারে। এদিকে দক্ষিণ আন্দামান সাগরে নতুন আরেকটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা কমে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
অন্যদিকে, সোমবার সন্ধ্যা পর্যন্ত খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের বাকি অঞ্চলগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা জানিয়েছে অধিদপ্তর। এ সময় তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের আভাস নেই।



