৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১৪ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

শয্যাশায়ী বৃদ্ধের জানালার পাশে উচ্চশব্দে গান বাজিয়ে মানসিক নির্যাতন, থানায় জিডি

IMG_7049

ফরিদপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে ৮৪ বছর বয়সী এক শয্যাশায়ী বৃদ্ধের জানালার পাশে উচ্চশব্দে গান বাজিয়ে ও অহেতুক শব্দ করে ভয় দেখিয়ে মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সোলাইমান হোসাইন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।

ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের নিখুরদি গ্রামের বাসিন্দা আলতাফ হোসেনের বাড়িতে। তার বড় ছেলে মোহাম্মদ ফিরোজ নূর বাবার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাধারণ ডায়েরিটি দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, আলতাফ হোসেনের বৈধভাবে কেনা জমি অন্যায়ভাবে দখলের উদ্দেশ্যে প্রতিবেশী সোলাইমান হোসাইনের পরিবার দীর্ঘদিন ধরে তাদের নানাভাবে হয়রানি করে আসছে। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িতে স্থাপন করা সিসিটিভি ক্যামেরায় বৃদ্ধের ওপর এমন অমানবিক নির্যাতনের দৃশ্য ধারণ হয়েছে বলেও জানায় পরিবারটি। সম্প্রতি এ বিষয়ে সুবিচার ও নিরাপত্তা চেয়ে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছিল পরিবারটি।

জিডির বিবরণ অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সোলাইমান হোসাইনের নির্দেশে তার খালা পিঞ্জিরা খাতুন ও লাইলী বেগম একাধিকবার অসুস্থ বৃদ্ধের ঘরের জানালার পাশে টানা উচ্চ শব্দে মোবাইলে গান বাজিয়ে রেখে যান। পাশাপাশি বিভিন্ন সময়ে ভয়ভীতি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগও রয়েছে।

বৃদ্ধের ছোট ছেলে ও কর্মরত পুলিশ সদস্য ইউসুফ নূর ক্ষোভ প্রকাশ করে বলেন, তার ৮৪ বছর বয়সী শারীরিক অসুস্থ বাবা বর্তমানে একেবারেই শয্যাশায়ী। জানালার পাশে হঠাৎ এসে বিকট শব্দ করে ভয় দেখানো ও দীর্ঘক্ষণ গান বাজিয়ে রাখার কারণে তার বাবার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটছে। নিজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও অসুস্থ বাবার ওপর চলমান এই জুলুমের প্রতিকার না পেয়ে তিনি চরম হতাশা ব্যক্ত করেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে কৃষকদল নেতা সোলাইমান হোসাইন জানান, তিনি এসব ঘটনার বিষয়ে কিছুই জানেন না। তার বিরুদ্ধে প্রতিনিয়ত ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে দাবি করে তিনি পাল্টা অভিযোগ করেন যে, ইউসুফ নূর নিজেই বাড়িতে এসে তার পরিবারকে গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে থাকেন।

Advertisements

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরিটির বিষয়ে দ্রুত খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisements