২৮ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ১২ কার্তিক ১৪৩৩
শিক্ষা

গাইড বইওয়ালারা সাবধান, এবার নিশ্চিত ধরা খাবেন: শিক্ষামন্ত্রী

image-314629-1781281207

নোট-গাইড বই প্রকাশ ও ছাপানোর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সতর্ক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাড়াহুড়ো করে বিপুল পরিমাণ গাইড বই ছাপানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, এবার এ ধরনের কর্মকাণ্ডে জড়িত প্রকাশকেরা ধরা পড়বেন।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

গাইড বই প্রকাশকদের উদ্দেশে তিনি বলেন, ‘গাইড বইওয়ালারা (প্রকাশক) একটু সাবধানে থাকবেন। তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই ছাপাবেন না। এবার কিন্তু ধরা খাবেন, নিশ্চিত বলে দিচ্ছি, ধরা খাবেন।’

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শুধু সনদ দেওয়ার জন্য এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। বরং সবার জন্য শিক্ষার সুযোগ তৈরি করা এবং মানুষকে দক্ষ করে গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।

তিনি বলেন, অনেকেই নানা কারণে শিক্ষাজীবন শুরু করেও শেষ করতে পারেন না। তাদের আবার পড়াশোনায় উৎসাহিত করতে হবে এবং শিক্ষার সুযোগ তৈরি করে দিতে হবে। এ ক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্য নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এ বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পান।

Advertisements

তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলার ধারাবাহিকতায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কেও আরও উন্নত করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সম্প্রতি ‘বেইজিং অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। এতে কারিগরি শিক্ষার উন্নয়নে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (আইটিভেট) শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। এ সময় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনের জন্য নয়জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

Advertisements