২৮ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ১২ কার্তিক ১৪৩৩
বিবিধ

‘বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সেই নারী ব্যবসায়ীর জামিন

8a6a0b5743c97ecac15b00792a11acc5-6ae1b63f5a19d

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার হওয়া নারী ব্যবসায়ী সাথী আক্তার জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে আদালত ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত দুপুর সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান।

তিনি জানান, বুধবার সাথী আক্তারকে আদালতে হাজির করার নির্ধারিত দিন ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে জামিন শুনানিতে অংশ নেন আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ। শুনানি শেষে আদালত ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। ওই দিন দুপুরেই আদালতের হাজতখানা থেকে তাকে মুক্তি দেওয়ার কথা ছিল।

সাথী আক্তার (৩০) ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় আমজাদ আলীর মেয়ে।

এর আগে গত রোববার (২৫ অক্টোবর) বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রচার করেন সাথী আক্তার। ভিডিও দুটির দৈর্ঘ্য ছিল যথাক্রমে ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ড। সেখানে তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’ তার এই বক্তব্যের ভিডিও দুটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Advertisements

ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে ঘটনার বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে ওই দিন রাত সাড়ে আটটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাথী আক্তারকে হেফাজতে নেয়। পরদিন সোমবার ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এরপর বুধবার আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।

Advertisements