মা হারালেন চিত্রনায়িকা পপি

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান পপির মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে মরিয়ম বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে এর মধ্যেই রাত ১টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
মরিয়ম বেগমের জানাজা বুধবার ফজরের নামাজের পর ঢাকায় অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
পরিবারের সূত্রে জানা যায়, মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা ও বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৪ অক্টোবর গুলশানের নিকেতনে নিজের বাসায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে ওই রাতেই তাঁকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে তিনি মারা যান।
মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিত্রনায়িকা পপি ও তার পরিবারের সদস্যদের মধ্যে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা মরিয়ম বেগমের চিকিৎসা চলছিল বলে জানা গেছে।



