২৮ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ১২ কার্তিক ১৪৩৩
ধর্ম

পবিত্র রমজানের রোজা শুরু সোমবার, ঈদুল ফিতর মঙ্গলবার: সম্ভাব্য তারিখ ঘোষণা

Ramadan_original_1768906870

কাজাখস্তানে ২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে। মাসব্যাপী সিয়াম সাধনার পর ৯ মার্চ, মঙ্গলবার, দেশটিতে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দেশটির মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন অনুমোদিত ২০২৭ সালের ধর্মীয় দিবসের পঞ্জিকায় এ তথ্য জানানো হয়েছে। কাজাখস্তানের বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সি সম্প্রতি এ খবর প্রকাশ করেছে।

অনুমোদিত পঞ্জিকা অনুযায়ী, পবিত্র রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ রাত শবে কদর পালিত হবে ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে। মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে কাটানো হয়।

মে মাসে ঈদুল আজহা

২০২৭ সালের ১৬ মে, রোববার, কাজাখস্তানে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হওয়ার কথা রয়েছে। দেশটিতে ঈদুল আজহা ‘কুরবান আইত’ নামে পরিচিত। তিন দিন ধরে চলবে এই ধর্মীয় উৎসব। এর আগের দিন, ১৫ মে, শনিবার, পালিত হবে পবিত্র আরাফার দিবস।

এদিকে রমজান শুরুর আগে ২২ ও ২৩ জানুয়ারির মধ্যবর্তী রাতে শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মস্মরণে ঈদে মিলাদুন্নবী বা মাওলিদ পালিত হবে ১৪ আগস্ট ও পরবর্তী দিনকে কেন্দ্র করে।

চাঁদ দেখার ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ

Advertisements

কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন জানিয়েছে, হিজরি মাসগুলোর সম্ভাব্য তারিখ নির্ধারণে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য ব্যবহার করা হয়েছে। তবে ইসলামি চান্দ্রবর্ষের মাস শুরু হয় নতুন চাঁদ দেখার ভিত্তিতে। এ কারণে ঘোষিত তারিখগুলো এখনো সম্ভাব্য হিসেবে বিবেচিত হচ্ছে।

চাঁদ দেখার পরিস্থিতি ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের ওপর নির্ভর করে ধর্মীয় দিবসগুলোর তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।

উল্লেখ্য, ২০২৬ সালে কাজাখস্তানে রমজান শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। মাসব্যাপী রোজা শেষে ১৯ মার্চ রমজান শেষ হয় এবং পরদিন, ২০ মার্চ, উদ্‌যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

Advertisements