যে কারণে হিংসাত্মক সিনেমা এড়িয়ে চলেন রাধিকা আপ্তে

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে পর্দায় নানা ধরনের চরিত্রে দেখা গেলেও হিংসাত্মক সিনেমার প্রতি তাঁর আগ্রহ নেই। বরং অতিরিক্ত মারধর ও নৃশংস দৃশ্যনির্ভর চলচ্চিত্র এড়িয়ে চলতেই পছন্দ করেন তিনি।
সম্প্রতি নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘আক্কা’র প্রচারের সময় পর্দায় সহিংসতার ব্যবহার নিয়ে নিজের মতামত জানিয়েছেন এই অভিনেত্রী। দুই গ্যাংস্টারের দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত সিরিজটিতে অভিনয় করলেও ব্যক্তিগতভাবে অতিরিক্ত হিংসাত্মক দৃশ্যের বিরোধিতা করেন তিনি।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, তিনি এ ধরনের সিনেমা দেখেন না। তাঁর মতে, পর্দায় একের পর এক নৃশংস মারধর ও সহিংসতার দৃশ্য দেখানোর যৌক্তিকতা তিনি বুঝতে পারেন না। এমন দৃশ্য দর্শকেরা কীভাবে স্বাভাবিকভাবে উপভোগ করেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। এ কারণে এ ধরনের কাজের অংশ না হওয়াই তাঁর কাছে ভালো বলে মনে হয়।
‘কাজই আমার পুরো জীবন নয়’
শুধু সিনেমার বিষয়বস্তু নয়, কাজের সময়সূচি এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাধিকা। তিনি জানান, দীর্ঘ সময় ধরে কাজ করার পরিবর্তে একটি স্বাভাবিক কর্মদিবস চান তিনি।
অভিনেত্রীর ভাষ্য, ১২ ঘণ্টার কর্মদিবস তাঁর কাছে গ্রহণযোগ্য হলেও ১৬ ঘণ্টার শুটিং শিডিউল কিংবা কাজের ফাঁকে অল্প সময়ের বিরতির সংস্কৃতি তাঁর পছন্দ নয়। যদিও বাস্তবে সব সময় নিজের পছন্দমতো কাজের পরিবেশ পাওয়া যায় না।
কাজ থেকে বিরতি নেওয়ার প্রসঙ্গে রাধিকা বলেন, একসময় উপযুক্ত কাজ না থাকায় অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় পরিবার ও কাছের মানুষদের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করেছেন তিনি।
রাধিকার মতে, জীবন অনেক ছোট। তাই কাজকে জীবনের সবকিছু মনে করেন না তিনি। বরং কাজ তাঁর জীবনের একটি অংশমাত্র।
ভবিষ্যৎ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা নেই
নিজের অভিনয়জীবন নিয়েও ভবিষ্যতের জন্য কোনো স্থায়ী পরিকল্পনা করে রাখতে চান না রাধিকা। তাঁর মতে, সময়ের সঙ্গে পরিস্থিতি ও মানুষের সিদ্ধান্ত বদলায়।
অভিনেত্রী জানান, ভবিষ্যতে তিনি অভিনয় চালিয়ে যেতে পারেন, আবার চাইলে নতুন কিছু শুরু করতেও পারেন। কাজ থেকে বিরতি নেওয়ার পেছনে কোনো বড় কারণ নেই; বরং পরিস্থিতি ও সময়ের প্রয়োজনেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।



