২৫ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ৯ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী

zaima-birthday

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একই আয়োজনে ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান।

আয়োজকরা জানান, নারীশিক্ষার প্রসার, ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাইসাইকেল পাওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে একই দিন দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। এর আগে প্রথম দিনে মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে প্রায় ২ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুচিকিৎসা দেওয়া হয়।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আগেও দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করেছেন তিনি। এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নারীশিক্ষার উন্নয়নই এ কর্মসূচির মূল লক্ষ্য। আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধের পাশাপাশি মেয়েরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে, সে জন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Advertisements

চক্ষুসেবা কার্যক্রমে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী জামায়াতের রাজনীতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দলটি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।

মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নিজের নির্বাচনী এলাকার যাদের চোখের সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে তাদের সবাইকে বিনামূল্যে চক্ষুসেবার আওতায় আনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আকতার, রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, তাঁর স্ত্রী মীর ফারিয়া তাবাসসুম এবং প্রতিমন্ত্রীর কন্যা মীর সামারা সুনাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে ব্যারিস্টার জাইমা রহমান ও জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

Advertisements