জাতীয় নারীশক্তির কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে। পাশাপাশি নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।
আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেয়া হয়েছে।
নতুন কমিটিতে মাহমুদা আলম মিতুকে আহ্বায়ক, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে সদস্যসচিব এবং মনজিলা ঝুমাকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।



