২৫ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ৯ কার্তিক ১৪৩৩
বিনোদন

পরীর আবদার পূরণে চট্টগ্রাম থেকে বিমানে এলো শিউলি ফুল

a4ff54c5ac8bba41a56126653ef924f9-6addc4da96dd5

জন্মদিনে শিউলি ফুলের বাগান সাজানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আবদারের কথা জানানোর পর চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে তাঁর জন্য শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। তবে ফুল পাঠানো সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। এমন ব্যতিক্রমী ভালোবাসায় মুগ্ধ পরীমনি। জন্মদিনের আয়োজনে ভক্তদের জন্য আরও একটি চমক রেখেছিলেন তিনি—ঘোষণা দিয়েছেন নতুন সিনেমা ‘ফারজানা’র।

গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। এ উপলক্ষে গত সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জন্মদিন উদ্‌যাপন করেন তিনি। পুরো আয়োজনেই ছিল প্রিয় শিউলি ফুলের উপস্থিতি। অনুষ্ঠানস্থলের সিঁড়ি সাজানো হয় শিউলি দিয়ে। ফুলের নকশা করা শাড়িতে সেজে অনুষ্ঠানে হাজির হন এই অভিনেত্রী।

জন্মদিনের আয়োজন প্রসঙ্গে পরীমনি জানান, শিউলি ফুলকে কেন্দ্র করেই সাজসজ্জার পরিকল্পনা করেছিলেন তিনি। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিউলি ফুল চেয়ে পোস্টও দিয়েছিলেন। তবে ফুলগুলো দীর্ঘ সময় সতেজ রাখা কঠিন হওয়ায় প্রয়োজনীয় পরিমাণ সংগ্রহ করা সহজ ছিল না। এর মধ্যেই এক ব্যক্তি চট্টগ্রাম থেকে বিমানে করে তাঁর জন্য শিউলি ফুল পাঠান।

পরীমনির ইচ্ছা ছিল, পুরো অনুষ্ঠানস্থলকে শিউলি ফুলের বাগানের আদলে সাজাবেন। শেষ পর্যন্ত পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব না হলেও সাজসজ্জা ও পোশাকে প্রিয় ফুলের প্রতি ভালোবাসার প্রকাশ রেখেছেন তিনি।

জন্মদিনে ‘ফারজানা’র ঘোষণা

জন্মদিনের আয়োজনেই নতুন সিনেমা ‘ফারজানা’র খবর জানান পরীমনি। তারেক রহমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে। কিছু কাজ এখনো বাকি রয়েছে। সেগুলো শেষ হলে সিনেমাটি নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক তারেক রহমানও। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘ফারজানা’য় সংগ্রামী এক নারীর চরিত্রে দেখা যাবে পরীমনিকে। এই সিনেমার মধ্য দিয়ে দর্শকেরা অভিনেত্রীর ভিন্ন এক রূপ দেখতে পাবেন বলে আশা করছেন তিনি।

Advertisements

জন্মদিনের বিশেষ মুহূর্তে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমনি। ক্যারিয়ারের শুরু থেকে পাওয়া ভালোবাসা, সমর্থন ও আশীর্বাদের কথা স্মরণ করে তিনি জানান, ভালো কাজের মাধ্যমেই এই ভালোবাসার প্রতিদান দিতে চান। ভবিষ্যতেও দর্শকদের জন্য মানসম্মত কাজ উপহার দেওয়ার প্রত্যাশা তাঁর।

Advertisements