বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের সচেতনতামূলক র্যালি

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিল লেক রোডে সচেতনতামূলক র্যালি করেছে রোটারি ইন্টারন্যাশনাল। পোলিও নির্মূলের বৈশ্বিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানাতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর ডা. ইশতিয়াক জামান। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর এ কে এম শামসুল হুদা। এ সময় রোটারিয়ানদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকদের মতে, পোলিও নির্মূলের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদানে অভিভাবকদের উদ্বুদ্ধ করা এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার উদ্যোগে মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
পোলিও একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ, যা বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। টিকাদানের মাধ্যমে এ রোগ থেকে শিশুদের সুরক্ষা দেওয়া সম্ভব। তাই পোলিও নির্মূলে জনসচেতনতা ও নিয়মিত টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী পোলিও নির্মূলের উদ্যোগে কাজ করছে। বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিশুদের পোলিওর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সংস্থাটি কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিশ্ব পোলিও দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে পোলিও নির্মূলের প্রচেষ্টা জোরদার করা এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি



