লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস

লঘুচাপের প্রভাবে দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আশঙ্কা নেই।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয় ৫৬ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে। পরদিন শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।



