১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৩১ আশ্বিন ১৪৩৩
বিনোদন

দর্শক রজনীকান্তকে কেন এত ভালোবাসেন, শুটিং সেটে তা বুঝেছি: বিদ্যা বালান

IMG_6240

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের সঙ্গে প্রথমবার কাজ করতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। পর্দার এই মহাতারকার শুটিং সেটে প্রবেশ ঘিরে তাঁর মনে ছিল রাজকীয় আয়োজনের প্রত্যাশা। কিন্তু কোনো আড়ম্বর ছাড়াই নীরবে সেটে প্রবেশ করেন রজনীকান্ত। তাঁর এমন স্বাভাবিক আচরণ অবাক করার পাশাপাশি মুগ্ধও করেছে বিদ্যাকে।

রজনীকান্তের সঙ্গে ‘জেলার ২’ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা। সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান এই অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

বিদ্যা জানান, শুটিং সেটে তিনি আগেই উপস্থিত ছিলেন। পরিচালকের পাশাপাশি চিত্রগ্রাহক ও সহকারীদের কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। সবাই মিলে গোল হয়ে দাঁড়িয়ে হাসি-আড্ডায় মেতে ছিলেন। এমন সময় দূর থেকে একজনকে তাঁদের দিকে এগিয়ে আসতে দেখেন তিনি।

সেই মুহূর্তের অভিজ্ঞতা জানিয়ে বিদ্যা বলেন, ‘ভেবেছিলাম, তাঁর প্রবেশের সময় তূর্য বাজবে, রাজকীয় কোনো আয়োজন হবে। কিন্তু তিনি নিঃশব্দে হেঁটে এলেন।’

রজনীকান্তের এমন অনাড়ম্বর উপস্থিতিই বিদ্যার মনে দাগ কেটেছে। তাঁর মতে, বিপুল জনপ্রিয়তা ও দীর্ঘদিনের তারকাখ্যাতি থাকা সত্ত্বেও রজনীকান্তের মধ্যে কোনো অহংকার বা বাড়তি আড়ম্বর নেই। বরং আশপাশের মানুষের সঙ্গে সহজভাবে মিশতে পারেন তিনি।

রজনীকান্তের ব্যক্তিত্বের প্রশংসা করে বিদ্যা বলেন, ‘তাঁর কাছ থেকে শেখার, প্রশংসা করার এবং নিজের মধ্যে ধারণ করার মতো অনেক কিছু আছে। তিনি যেভাবে আছেন, সেভাবে নিজেকে উপস্থাপন করেন। আমার মনে হয়, এ কারণে দর্শক তাঁকে এত ভালোবাসেন। তিনি খুবই অকৃত্রিম।’

Advertisements

শুটিংয়ের শুরুর দিকের আরেকটি স্মৃতিও ভাগ করে নিয়েছেন বিদ্যা। অভিনেত্রীর ভাষ্য, প্রথম কিংবা দ্বিতীয় দিনের সাক্ষাতে রজনীকান্ত তাঁকে জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রকাশ করা রিল ভিডিওগুলো তিনি দেখেন। ভিডিওগুলো তাঁর বেশ মজার লাগে বলেও মন্তব্য করেছিলেন এই সুপারস্টার।

বিদ্যা বলেন, ‘আমার মনে আছে, প্রথম বা দ্বিতীয় দিনে তিনি আমার রিল ভিডিও নিয়ে কথা বলেছিলেন। বলেছিলেন, “আমি তোমার ভিডিওগুলো দেখি। সেগুলো খুব মজার।” কথাটা শুনেই আমি অনেকটা স্বস্তি পেয়েছিলাম।’

রজনীকান্তের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগকে বিশেষ বলে মনে করেন বিদ্যা। তাঁর আন্তরিক আচরণ শুটিংয়ের পরিবেশকে সহজ করে তুলেছিল বলেও জানান তিনি। ফলে এমন একজন তারকার সামনে অভিনয় করতে গিয়ে বাড়তি চাপ অনুভব করতে হয়নি তাঁর।

বিদ্যার কথায়, ‘তিনি আপনাকে নিজের মতো থাকতে দেন। এমন অনুভূতি তৈরি করেন না যে তিনি আপনাকে দেখছেন, বিচার করছেন কিংবা আপনার কাজের ওপর নজর রাখছেন।’

নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও অভিনয় করেছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরজ ভেঞ্জারামুডু, রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মিরনা। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ২০২৩ সালে মুক্তি পাওয়া ব্যবসাসফল ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল এটি।

Advertisements