১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৩০ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

দুর্গাপূজার আগে কটিয়াদীতে জমে উঠেছে ৫০০ বছরের পুরোনো ঢাকের হাট

1792041025-2e646a83b0bbb22074a8d5fbfa7d9f11

দুর্গাপূজা মানেই ঢাকের বাদ্য, উলুধ্বনি আর ধুনুচি নাচের ছন্দে উৎসবের আবহ। ষষ্ঠী থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত ঢাকের আওয়াজ ছাড়া পূজার আনন্দ যেন পূর্ণতা পায় না। আর সেই ঢাকির খোঁজেই প্রতি বছর কিশোরগঞ্জের কটিয়াদীতে বসে ব্যতিক্রমী এক হাট—‘ঢাকের হাট’। প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী এই আয়োজন এখন শুধু বাদক ও পূজা আয়োজকদের মিলনস্থল নয়, বরং বাংলার লোকসংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ অংশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কটিয়াদী পুরান বাজারে শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই হাট। হাটের চারপাশজুড়ে ঢাক, ঢোল, কাঁসি, ঝনঝনি, করতাল ও মন্দিরার সম্মিলিত শব্দ। কোথাও সানাইয়ের সুর, কোথাও বাঁশির মূর্ছনা, আবার কোথাও আধুনিক বাদ্যযন্ত্রের তালে মাতোয়ারা বাদকরা। সব মিলিয়ে পুরান বাজার যেন পরিণত হয়েছে ছন্দ আর সুরের এক প্রাণবন্ত মিলনমেলায়।

বাদ্যযন্ত্র নয়, এখানে কেনাবেচা হয় সুরের

নাম ঢাকের হাট হলেও এখানে ঢাক বা অন্য কোনো বাদ্যযন্ত্র কেনাবেচা হয় না। এই হাট মূলত ঢাকি ও বাদকদল বাছাইয়ের জায়গা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাদকরা নিজেদের বাদ্যযন্ত্র বাজিয়ে দক্ষতা প্রদর্শন করেন। আর পূজা আয়োজকেরা তাঁদের বাজনা শুনে পছন্দের দল নির্বাচন করেন।

দরদাম ও পারিশ্রমিক নিয়ে দুই পক্ষের সমঝোতা হলেই চুক্তি চূড়ান্ত হয়। এরপর নির্বাচিত বাদকদল পূজার দিনগুলোতে সংশ্লিষ্ট মণ্ডপে গিয়ে ঢাক, সানাই, কাঁসি ও করতাল বাজিয়ে উৎসবের আবহ তৈরি করে। সাধারণত প্রতিমা বিসর্জন পর্যন্ত তাঁদের দায়িত্ব পালন করতে হয়।

দশ জেলার বাদকদের মিলনমেলা

Advertisements

এবারের হাটে মুন্সীগঞ্জের বিক্রমপুর থেকে আসা বাদকদের উপস্থিতি বেশি। পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ অন্তত ১০টি জেলা থেকে এসেছেন বিভিন্ন দলের সদস্যরা। হাটে একেকটি দল নিজেদের সেরা পরিবেশনা তুলে ধরছে। কোন দলের তাল বেশি আকর্ষণীয়, কার বাজনায় রয়েছে বেশি প্রাণ—তা বিচার করেই পছন্দের বাদকদল বেছে নিচ্ছেন পূজা আয়োজকেরা।

হাটে গফরগাঁওয়ের কাজল চন্দ্র ভৌমিকের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এক ঢাকির সঙ্গে ২২ হাজার টাকায় চুক্তি করেছেন। তাঁর কথায়, ‘সবার বাজনা শুনেছি। যেটা মন ছুঁয়েছে, তাকেই নিয়েছি।’

অন্যদিকে হবিগঞ্জ থেকে এসেছেন জয়চন্দ্র কর্মকার ও আশীষ রবিদাস। তাঁরা নিজেদের পূজার জন্য একটি বাদকদল খুঁজছেন। প্রথমবারের মতো ঢাকের হাটে এসে তাঁদের ভালো লাগার কথাও জানিয়েছেন। সাধ্যের মধ্যে ভালো একটি দল নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।

Advertisements