অপু বিশ্বাসের সঙ্গে কে এই যুবক, হঠাৎ কেন তাঁকে নিয়ে ফেসবুক পোস্ট

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল। এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। ছবির সঙ্গে লেখা বার্তায় ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। অপুর এমন আন্তরিক শুভেচ্ছাবার্তায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কে এই যুবক?
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। ব্যবসা সম্পর্কে নতুনভাবে জানতে শেখা, নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস পাওয়া এবং নতুন কিছু করার অনুপ্রেরণার পেছনে তাঁর অবদানের কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

অপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, ব্যবসায়িক জীবনে এই ব্যক্তির কাছ থেকে পাওয়া শিক্ষা ও পরামর্শ তাঁর কাছে বেশ মূল্যবান। শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর…।’ এরপর তাঁর জীবনের পথচলায় সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান এই চিত্রনায়িকা।
শুধু ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবেই নয়, ব্যক্তিগত বন্ধুত্বের জায়গা থেকেও ওই ব্যক্তিকে গুরুত্ব দেন অপু। জন্মদিনের শুভেচ্ছায় তাঁর সাফল্য কামনার পাশাপাশি বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশা জানিয়েছেন তিনি। বার্তার শেষাংশে অভিনেত্রী লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক…।’

তবে ছবিতে থাকা ব্যক্তির পরিচয় নিয়ে সরাসরি কিছু জানাননি অপু বিশ্বাস। তাঁর পোস্টে নাম উল্লেখ না থাকায় অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অপুর ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, ওই যুবকের নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন অপু বিশ্বাস। নিজের পেশাগত জীবনে নতুন সম্ভাবনা তৈরি করার এই যাত্রায় ব্যবসায়িক পরামর্শ ও অনুপ্রেরণার গুরুত্বও রয়েছে। আর সেই অভিজ্ঞতার কথাই এবার জন্মদিনের শুভেচ্ছাবার্তায় তুলে ধরেছেন তিনি।
অপুর পোস্টে ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ও ব্যবসায়িক সহযোগিতার বিষয়টি উঠে এলেও ফেরদৌস হাসানের সঙ্গে তাঁর সম্পর্কের বিস্তারিত নিয়ে অভিনেত্রী নিজে আলাদা করে কিছু জানাননি। ফলে ছবিটি ও শুভেচ্ছাবার্তাকে ঘিরে ভক্তদের আগ্রহ আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ রয়েছে।



