১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৩০ আশ্বিন ১৪৩৩
বিনোদন

‘দার-ই-নিজাত’-এ দুরেফিশানের বিয়ের সাজ নিয়ে এত আলোচনা কেন?

IMG_6189

পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের আগ্রহ যেন বেড়েই চলেছে। গল্পের টানটান উত্তেজনা ও নাটকীয় মোড়ের পাশাপাশি এবার আলোচনায় এসেছে অভিনেত্রী দুরেফিশান সেলিমের বিয়ের সাজ। নাটকের সাম্প্রতিক পর্বে তার নিকাহর লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে। বিশেষ করে তার পরনের পিশওয়াজের দাম জানার পর অনেকেই বিস্ময় প্রকাশ করছেন।

নাটকটির সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে শেহরিয়ার মুনাওয়ার অভিনীত আবু বকর ও দুরেফিশান সেলিমের চরিত্র জারিয়াবের বহুল প্রতীক্ষিত নিকাহ। এর আগে দর্শকদের মনে প্রশ্ন ছিল, জামিল চরিত্রে অভিনয় করা নামির খান রাত সাড়ে ৪টার মধ্যে পৌঁছে এই বিয়ে ঠেকাতে পারবেন কি না। শেষ পর্যন্ত আবু বকর ও জারিয়াবের নিকাহর মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হয়। আর এই বিশেষ মুহূর্তে জারিয়াবের সাজই হয়ে ওঠে আলোচনার অন্যতম বিষয়।

বিয়ের দৃশ্যে দুরেফিশানকে দেখা গেছে আইভরি রঙের পিশওয়াজ ও চুড়িদারে। এর সঙ্গে ছিল সোনালি ও আইভরি রঙের চাদর-দুপাট্টা। ভারী অলংকার কিংবা অতিরিক্ত চাকচিক্যের পরিবর্তে তার সাজে প্রাধান্য পেয়েছে ঐতিহ্যবাহী নকশা, সূক্ষ্ম কারুকাজ ও মিনিমাল ব্রাইডাল স্টাইল। পুরো সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও স্নিগ্ধতার মেলবন্ধন।

দুরেফিশানের আইভরি পিশওয়াজটি তৈরি করেছেন ডিজাইনার রিজওয়ান আহমেদ। পোশাকটিতে রয়েছে নজরকাড়া সোনালি প্যাচের কাজ, যা এর সৌন্দর্যে যোগ করেছে আলাদা মাত্রা। অন্যদিকে, তার সঙ্গে থাকা গোল্ড-অ্যান্ড-আইভরি রঙের চাদরটি নেওয়া হয়েছে লাজ বাই লাজওয়ান্তি থেকে।

চাদরটি নিয়েও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। কারণ, এর আগে একই চাদরে দেখা গিয়েছিল পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে। ২০২৫ সালের জানুয়ারিতে যাশমা গিলের বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় চাদরটি পরেছিলেন তিনি। ফলে দুরেফিশানের বিয়ের সাজের পাশাপাশি পোশাকের এই অনুষঙ্গটিও নতুন করে আলোচনায় এসেছে।

তবে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে দুরেফিশানের পিশওয়াজের দাম নিয়ে। জানা গেছে, পোশাকটির মূল্য ৮৫ হাজার পাকিস্তানি রুপিরও বেশি। আইভরি রঙের কোমল আবহ, সোনালি কারুকাজ ও ঐতিহ্যবাহী নকশার কারণে পোশাকটি নজর কেড়েছে দর্শকদের।

Advertisements

এদিকে ‘দার-ই-নিজাত’ নাটকটি ২০২৬ সালের ১ আগস্ট এআরওয়াই ডিজিটালে প্রচার শুরু হয়। উমেরা আহমেদের লেখায় নির্মিত নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিম। প্রতি শুক্রবার ও শনিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে নাটকটির নতুন পর্ব। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশসহ বিভিন্ন দেশেও নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

Advertisements