১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৩০ আশ্বিন ১৪৩৩
বিনোদন

প্রিয় শিল্পীকে সামনে থেকে দেখা, ব্যাংককে মেহজাবীনের স্বপ্নপূরণ

IMG_6185

অভিনয়ে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ছোট-বড় স্বপ্নও পূরণ করে চলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে পূরণ করলেন তার দীর্ঘদিনের একটি ইচ্ছা। সরাসরি উপভোগ করলেন বিশ্বখ্যাত কানাডিয়ান সংগীতশিল্পী দ্য উইকেন্ডের কনসার্ট। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী ও নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব।

বর্তমানে দ্য উইকেন্ড তার জনপ্রিয় সংগীত সফর ‘আফটার আওয়ারস টিল ডন ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সফরের অংশ হিসেবে ১১, ১২ ও ১৩ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে টানা তিনটি কনসার্টে পারফর্ম করেন তিনি। এর মধ্যে কোনো একটি শোতে উপস্থিত ছিলেন মেহজাবীন।

প্রিয় শিল্পীর কনসার্ট উপভোগ করতে পেরে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ট্রানজিশন ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে দ্য উইকেন্ডের গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায় তাকে।

ভিডিওর বিভিন্ন দৃশ্যে উঠে এসেছে ব্যাংকক সফরের মুহূর্তগুলো। কখনো হোটেলের বিছানা থেকে উঠে প্রস্তুতি নিচ্ছেন, কখনো বিমানে চড়ছেন, আবার কখনো হোটেল থেকে বের হচ্ছেন মেহজাবীন। ভিডিওর শেষাংশে কনসার্টের আলো-আবহে স্বামী আদনান আল রাজীবের সঙ্গে প্রিয় শিল্পীর গান উপভোগ করতে দেখা যায় তাকে। এ সময় গানের সঙ্গে কণ্ঠও মেলান অভিনেত্রী।

ভিডিওটির ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘আরো একটা স্বপ্ন পূরণ হলো—দ্য উইকেন্ডকে লাইভে দেখা ও শোনা।’

২০২২ সালের জুলাইয়ে শুরু হয় দ্য উইকেন্ডের ‘আফটার আওয়ারস টিল ডন ট্যুর’। এখনো চলমান এই সংগীত সফরের অংশ হিসেবে বিশ্বের ২৯টি দেশে প্রায় ১৭০টি কনসার্ট করেছেন তিনি। ২০২৫ সালের নভেম্বরেই এই ট্যুরের টিকিট বিক্রির আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সে কারণে এটি সংগীতের ইতিহাসে অন্যতম সফল কনসার্ট সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisements

দ্য উইকেন্ডের আসল নাম অ্যাবেল তাসফায়ে। কানাডিয়ান এই সংগীতশিল্পী বিশ্বজুড়ে বিশেষ করে তরুণ শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। ক্যারিয়ারে চারটি গ্র্যামি ও ২০টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। স্পটিফাইয়ে মাসিক শ্রোতার সংখ্যা ১০ কোটিতে পৌঁছানো প্রথম শিল্পীও তিনি। এ ছাড়া ২০২৫ সালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষে ছিলেন দ্য উইকেন্ড। স্পটিফাইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান ‘ব্লাইন্ডিং লাইটস’-এর শিল্পীও তিনি। গানটির স্ট্রিমিং সংখ্যা ৫ দশমিক ৬ বিলিয়ন ছাড়িয়েছে।

Advertisements