মাকে নিয়ে অপপ্রচার, ২৪ ঘণ্টার আলটিমেটাম মৌসুমীপুত্র ফারদিনের

সামাজিক যোগাযোগমাধ্যমে মা মৌসুমী ও পরিবারের সদস্যদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে কঠোর অবস্থান নিয়েছেন চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমীর ছেলে ফারদিন এহেসান স্বাধীন। সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত কনটেন্ট সরিয়ে নেওয়ার সময়সীমা দিয়েছেন তিনি। অন্যথায় আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন ফারদিন।
গত ১৩ অক্টোবর দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে মায়ের প্রতি ভালোবাসা ও সম্মানের কথা তুলে ধরে ফারদিন স্পষ্ট জানিয়ে দেন, পরিবারের সদস্যদের নিয়ে অপপ্রচার আর মেনে নেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কনটেন্ট মুছে না ফেললে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। ফারদিনের পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট যুক্ত ছিল। তাঁর অভিযোগ, এসব পেজে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছিল। একই সঙ্গে একটি ভিডিওর লিংকও শেয়ার করেন তিনি। তবে লিংকটিতে প্রবেশ করে ভিডিওটি আর দেখা যায়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমীকে ঘিরে একটি অভিযোগ ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে অভিযোগটি সরাসরি নাকচ করেন ওমর সানী। এই অভিনেতার ভাষ্য অনুযায়ী, তাঁর ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন, আর মৌসুমী রয়েছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। তাই মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন ওমর সানী।

এদিকে, ছেলের প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে ফারদিনের ফেসবুক পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করেন ওমর সানী। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
ফারদিনের দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা ঘিরে এখন নজর সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোর দিকে। তারা বিতর্কিত কনটেন্ট সরিয়ে নেয় কি না, নাকি ফারদিনের ঘোষণামতো আইনি পদক্ষেপের মুখোমুখি হয়—তা জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী পরিস্থিতির জন্য।



