১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

চট্টগ্রামে সোনার দোকানের শোকেসে ঝুলছিল ১৪ ফুট লম্বা অজগর

a6572c954f6e6d4f1a7c781f3c2a0372-6acdfe0bdf5db

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর পাওয়া গেছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারে এ ঘটনা ঘটে। পরে দোকানিরা অজগরটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অজগরটি সন্ধ্যা জুয়েলার্স নামের একটি সোনার দোকান থেকে উদ্ধার করা হয়। বাজারটির পাশেই রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। স্থানীয় বাসিন্দারা জানান, ওই বনাঞ্চল থেকে প্রায়ই অজগর বাজারে চলে আসে। সোমবার রাতে অজগরটি দেখতে পেয়ে কৌশলে সেটিকে শোকেস থেকে নিচে নামিয়ে আনেন দোকানিরা। এ ঘটনার ভিডিও ধারণ করে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক বলেন, ‘হঠাৎ রাতে দোকানের শোকেসে অজগর দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবার সহযোগিতায় এটি নিচে নামিয়ে আনা হয়। আজ মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে অজগরটি বুঝিয়ে দেওয়া হয়েছে।’

কাপ্তাই বন বিভাগের রেঞ্জের কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, অজগরটি প্রায় ১৪ ফুট লম্বা। মঙ্গলবার সেটিকে স্থানীয় রাম পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। বাজারের পাশে সংরক্ষিত বন থাকায় সেখান থেকেই অজগরটি চলে এসেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে আগের অজগরগুলো ছোট ছিল। এবারই প্রথম ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেল।

Advertisements