পরীমণির চন্দ্র বিলাস

বাগানবিলাসের ফুল, রাতের স্নিগ্ধ পরিবেশ আর আকাশজুড়ে উজ্জ্বল চাঁদ—এমন মনোমুগ্ধকর আবহে ধরা দিয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রকাশিত ছবিগুলো ভক্তদের মুগ্ধ করলেও চাঁদের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
সিনেমার পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের উপস্থিতি জানান দিতে পছন্দ করেন পরীমণি। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, সৌন্দর্য আর ভালো লাগার দৃশ্য প্রায়ই ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। এবার বাগানবিলাসের সান্নিধ্যে রাতের চাঁদ উপভোগের কিছু ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
ছবিতে দেখা যায়, বাড়ির ছাদের এক কোণে ফুটে থাকা বাগানবিলাস ফুলের পাশে বসে আছেন পরীমণি। মাথার ওপর উজ্জ্বল চাঁদ, আর সেই চাঁদের দিকে হাত বাড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। পুরো দৃশ্যজুড়ে রয়েছে এক ধরনের স্নিগ্ধ ও রোমান্টিক আবহ। ছবির ক্যাপশনে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্ক্তি লিখেছেন তিনি—‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’।
ছবিতে চাঁদ, বাস্তবতা নিয়ে প্রশ্ন
পরীমণির এমন নান্দনিক ছবি প্রকাশের পর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভক্তরা। তবে ছবির সৌন্দর্যের পাশাপাশি আলোচনায় এসেছে আকাশের চাঁদও। ছবিতে পূর্ণ চাঁদের মতো উজ্জ্বল দৃশ্য দেখে অনেকে বর্তমান চন্দ্রকলার সঙ্গে মিল খুঁজতে গিয়ে প্রশ্ন তুলেছেন। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, বর্তমানে আকাশে পূর্ণ চাঁদ দেখা না গেলে ছবিগুলো কি আগের কোনো সময়ের? একজন লিখেছেন, ‘এখন তো অমাবস্যা!’ অন্য একজনের মন্তব্য, ‘আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না’।
অবশ্য ছবিগুলো কবে তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি পরীমণি। ফলে ছবিগুলো সাম্প্রতিক, নাকি আগের কোনো পূর্ণিমার রাতের—তা নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদের আলো ছাপিয়ে প্রশংসায় পরী
চাঁদ নিয়ে নেটিজেনদের কৌতূহল থাকলেও ছবির মন্তব্যঘরে পরীমণির সৌন্দর্যের প্রশংসাই ছিল চোখে পড়ার মতো। কেউ তাঁর রূপে মুগ্ধতা প্রকাশ করেছেন, আবার কেউ মজার ছলে চাঁদের চেয়ে পরীমণিকেই বেশি আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি’। আরেকজনের মন্তব্য, ‘পরীর চাঁদের চাইতেও সুন্দর তুমি’।
সব মিলিয়ে, বাগানবিলাসের ফুল আর চাঁদের আবহে পরীমণির এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করেছে মুগ্ধতা ও কৌতূহলের মিশ্র প্রতিক্রিয়া। চাঁদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও ভক্তদের চোখে ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন স্বয়ং পরীমণি।



