৭৫ লাখ টাকা দেনমোহর, বিয়েতে রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মা’মলা

যশোরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াকে কেন্দ্র করে এক যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে ধারাবাহিক হয়রানি, হামলা এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তামিম আবু উমামার দাবি, গত আড়াই বছরে তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। পাশাপাশি বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
যশোরে ৭৫ লাখ টাকা দেনমোহরের দাবিতে বিয়ের আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে বিরোধের সূত্রপাত বলে অভিযোগ করেছেন তামিম আবু উমামা। রোববার (১১ অক্টোবর) দুপুরে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তামিম জানান, তিনি যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়া, ঢাকা রোড এলাকার বাসিন্দা। প্রায় আড়াই বছর আগে পূর্ব বারান্দীপাড়া কদমতলা এলাকার আনোয়ার হোসেনের মেয়ের সঙ্গে তাঁর পারিবারিকভাবে বিয়ের আলোচনা হয়। তবে দেনমোহর হিসেবে ৭৫ লাখ টাকা দাবি করা হলে তাঁরা বিয়ের প্রস্তাব থেকে সরে আসেন। তামিমের অভিযোগ, এরপর থেকেই আনোয়ার হোসেন ও তাঁর সহযোগীদের মাধ্যমে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন তিনি ও তাঁর পরিবার।
তামিমের ভাষ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর দুপুর ১টা ৫ মিনিটে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে তাঁর গাড়ির গতিরোধ করা হয়। এ সময় আনোয়ার হোসেনের লোকজন তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার ভিডিও তাঁর মুঠোফোন ও গাড়ির ড্যাশ ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তামিম।
তামিমের দাবি, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর গত আড়াই বছরে তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। এর মধ্যে চারটি মামলা আদালতে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে বলে তিনি দাবি করেন। বাকি মামলাগুলোও শেষ পর্যন্ত ভিত্তিহীন প্রমাণিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ২০২৫ সালের ২৯ জুন যশোর সদর থানায় দায়ের করা একটি মামলার কথাও উল্লেখ করেন তামিম। তাঁর দাবি, ওই মামলায় তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁদের করা একটি মানহানির মামলা প্রত্যাহারের জন্য এক প্রভাবশালী আত্মীয়ের মাধ্যমে পুলিশ কর্মকর্তাকে ব্যবহার করে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তামিম আরও জানান, গত ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তাঁর সহযোগীরা তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সময় কয়েকজন স্থানীয় সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তামিম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসব ঘটনার কারণে তাঁদের পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লেখ করে তামিম আশঙ্কা প্রকাশ করেন, যেকোনো সময় তাঁর বা পরিবারের সদস্যদের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে।
সংবাদ সম্মেলনে তামিম সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হামলা, গাড়ি ভাঙচুর এবং হয়রানির অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সঙ্গে তাঁর অভিযোগ অনুযায়ী, মিথ্যা মামলা ও হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের ফল এবং সংশ্লিষ্ট আদালতের নথি যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া জরুরি।



