সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের শারীরিক আঘাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার খবর জানান তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
অভিনেত্রীর এই পোস্টের পর তাঁর ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে দুর্ঘটনাটি ঠিক কোথায় এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
জানা গেছে, দুর্ঘটনায় বড় ধরনের কোনো শারীরিক সমস্যায় পড়েননি তানজিন তিশা। পরিস্থিতি বিবেচনায় মানিকগঞ্জে শোরুম উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।
ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।



