২৫ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

ডিটক্স ওয়াটার কি সত্যিই শরীরের বিষাক্ত পদার্থ বের করে, নাকি শুধুই জনপ্রিয় পানীয়?

detox_waters_mobilehomefeature_0

সুস্থ থাকতে, ওজন কমাতে কিংবা শরীরের জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দিতে অনেকেই নিয়মিত পান করছেন ডিটক্স ওয়াটার। সামাজিক যোগাযোগমাধ্যমে লেবু, শসা, পুদিনাপাতা, আদা কিংবা বিভিন্ন ফল মেশানো পানির নানা রেসিপি বেশ জনপ্রিয়। কেউ দাবি করছেন, এই পানি পান করলে পেটের মেদ কমে, কেউ বলছেন লিভার পরিষ্কার হয়, আবার কারও মতে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল। কিন্তু ডিটক্স ওয়াটার কি সত্যিই এত উপকারী?

ডিটক্স ওয়াটার কী?

ডিটক্স ওয়াটার মূলত সাধারণ পানিতে বিভিন্ন ফল, শাকসবজি, ভেষজ উপাদান কিংবা মসলা ভিজিয়ে তৈরি একধরনের পানীয়। একে ফ্রুট ইনফিউজড ওয়াটারও বলা হয়। সাধারণত লেবু, শসা, কমলা, স্ট্রবেরি, পুদিনাপাতা, আদা ও দারুচিনি ব্যবহার করে এই পানি তৈরি করা হয়। এটি তৈরির পদ্ধতিও বেশ সহজ। এক লিটার পানিতে পছন্দের ফল বা উপাদান ছোট টুকরা করে দিয়ে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হয়। এরপর সেই পানি পান করা যায়। কেউ কেউ ফলের টুকরাগুলো ছেঁকে নেন, আবার অনেকে সেগুলোসহ পান করেন।

ছবি:সংগৃহীত

ডিটক্স ওয়াটার কি শরীরের বিষাক্ত পদার্থ দূর করে?

ডিটক্স ওয়াটারের সবচেয়ে আলোচিত দাবি হলো, এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। তবে এই দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। মানবদেহে বর্জ্য ও ক্ষতিকর পদার্থ অপসারণের স্বাভাবিক ব্যবস্থা রয়েছে। এ কাজে প্রধান ভূমিকা পালন করে লিভার ও কিডনি। অর্থাৎ, আলাদা কোনো ডিটক্স পানীয় পান করলেই শরীর বিশেষভাবে পরিষ্কার হয়ে যায়, এমন ধারণা সঠিক নয়। তবে পর্যাপ্ত পানি পান করা শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে গুরুত্বপূর্ণ।

ওজন কমাতে কতটা কার্যকর?

Advertisements

অনেকে মনে করেন, নিয়মিত ডিটক্স ওয়াটার পান করলে পেটের মেদ দ্রুত কমে যায়। বাস্তবে এই পানীয় সরাসরি শরীরের চর্বি গলাতে পারে না। তবে চিনিযুক্ত কোমল পানীয়, প্যাকেটজাত জুস কিংবা অতিরিক্ত ক্যালরিযুক্ত পানীয়ের পরিবর্তে এটি পান করলে দৈনিক ক্যালরি গ্রহণ কমতে পারে। ফলে ওজন নিয়ন্ত্রণে পরোক্ষভাবে সহায়তা করতে পারে। এ ছাড়া পর্যাপ্ত পানি পান করলে শরীরের পানির ভারসাম্য বজায় থাকে এবং কখনো কখনো ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতির পার্থক্য বুঝতেও সুবিধা হয়।

কোন উপাদান দিয়ে তৈরি করবেন?

ছবি:সংগৃহীত

ডিটক্স ওয়াটার তৈরিতে সবচেয়ে জনপ্রিয় উপাদানগুলোর মধ্যে রয়েছে লেবু, শসা ও পুদিনাপাতা। লেবু পানিতে হালকা স্বাদ যোগ করে, শসা পানীয়টিকে সতেজ করে এবং পুদিনাপাতা দেয় সুগন্ধ। আদা দিয়ে তৈরি পানীয়ও অনেকের পছন্দ। চাইলে কমলা, আপেল, স্ট্রবেরি কিংবা দারুচিনিও ব্যবহার করা যায়।
তবে মনে রাখতে হবে, পানিতে ফল ভিজিয়ে রাখলে ফলের সব পুষ্টি উপাদান পানিতে চলে আসে না। তাই ডিটক্স ওয়াটারকে ফল খাওয়ার বিকল্প ভাবার সুযোগ নেই।

লিভারের জন্য কি উপকারী?

ফ্যাটি লিভারের সমস্যায় আক্রান্ত অনেকেই লিভার পরিষ্কারের আশায় ডিটক্স ওয়াটার পান করেন। কিন্তু লেবু বা শসা মেশানো পানি ফ্যাটি লিভার সারিয়ে দেয় কিংবা লিভারের জমে থাকা চর্বি দূর করে—এমন প্রমাণ নেই। ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে সুষম খাবার, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই গুরুত্বপূর্ণ।

লিভারের জন্য কি উপকারী?

ফ্যাটি লিভারের সমস্যায় আক্রান্ত অনেকেই লিভার পরিষ্কারের আশায় ডিটক্স ওয়াটার পান করেন। কিন্তু লেবু বা শসা মেশানো পানি ফ্যাটি লিভার সারিয়ে দেয় কিংবা লিভারের জমে থাকা চর্বি দূর করে—এমন প্রমাণ নেই। ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে সুষম খাবার, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই গুরুত্বপূর্ণ।

পান করার আগে যা মনে রাখবেন

ডিটক্স ওয়াটার সাধারণত পরিমিত পরিমাণে পান করা নিরাপদ। তবে লেবু বা অন্য অ্যাসিডিক ফল বেশি ব্যবহার করলে যাঁদের অ্যাসিড রিফ্লাক্স বা বুকজ্বালার সমস্যা রয়েছে, তাঁদের অস্বস্তি বাড়তে পারে। ফল ও শাকসবজি ভালোভাবে ধুয়ে ব্যবহার করা এবং তৈরি করা পানি ফ্রিজে সংরক্ষণ করাও জরুরি। দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া পানি পান করা উচিত নয়।

সব মিলিয়ে, ডিটক্স ওয়াটার কোনো জাদুকরি পানীয় নয়। এটি পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তুলতে পারে এবং চিনিযুক্ত পানীয়ের স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। তবে সুস্থ থাকার জন্য কোনো বিশেষ পানীয়ের ওপর নির্ভর না করে প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম।

Advertisements