৯ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩
বিনোদন

দুই অস্ত্রোপচারের পর ফেরার প্রস্তুতি, শারীরিক অবস্থা জানালেন তানিয়া বৃষ্টি

IMG_5965

চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে অভিনেত্রী তানিয়া বৃষ্টির। এরপর দেশে অস্ত্রোপচারের পাশাপাশি ভারতের চেন্নাইয়েও একটি সার্জারি করাতে হয় তাকে। দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপির কারণে প্রায় আট মাস অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী।

কঠিন সেই সময় পেরিয়ে এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তানিয়া বৃষ্টি। এরই মধ্যে অভিনয়ে ফেরার প্রস্তুতিও শুরু করেছেন তিনি। সম্প্রতি ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলার সময় নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানান অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি বলেন, চিকিৎসার কারণে তার শারীরিক গঠনে কিছু পরিবর্তন এসেছে এবং আগের তুলনায় ওজন বেড়েছে। দুটি অস্ত্রোপচারের পাশাপাশি নিয়মিত কিছু ওষুধ সেবনের কারণেই এমনটা হয়েছে বলে জানান তিনি।

প্রায় আট মাস অভিনয় থেকে দূরে থাকায় সহশিল্পী, কলাকুশলী ও মিডিয়ার মানুষদেরও মিস করেছেন তানিয়া। তিনি বলেন, মিডিয়ার শিল্পী, সহশিল্পী ও কলাকুশলীরা তার কাছে পরিবারের মতো। অসুস্থতার সময়ে অনেকে তার খোঁজ নিয়েছেন, দেখতে গেছেন এবং কাজে ফেরার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। তাদের ভালোবাসা ও উৎসাহ তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে।

এখন আবার অভিনয়ে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত তানিয়া বৃষ্টি। এরই মধ্যে ওটিটিসহ কয়েকটি কাজ নিয়ে আলোচনা হয়েছে তার। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই একটি নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে ফিরতে পারেন তিনি।

অভিনয়ে ফেরার ইচ্ছা জানিয়ে তানিয়া বলেন, তিনি অভিনয়ের মানুষ এবং অবশ্যই অভিনয়ে ফিরতে চান। দর্শকরা তাকে আবার পর্দায় দেখতে চান কি না, তা জানতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। তবে তার নিজেরও বিশ্বাস ছিল দর্শকরা তাকে দেখতে চান। পরে ভক্তদের প্রতিক্রিয়াতেও সেই প্রত্যাশার প্রতিফলন পেয়েছেন।

Advertisements

তবে এখনো চিকিৎসকের পরামর্শ মেনে বেশির ভাগ সময় বাসাতেই কাটাচ্ছেন এই অভিনেত্রী। অবসরে তার সঙ্গী ছয়টি পোষা বিড়াল। তাদের সঙ্গে সময় কাটালে নিজেকে ভালো অনুভব করেন বলেও জানিয়েছেন তানিয়া বৃষ্টি।

Advertisements