হলিউডের সোনালী যুগের আরেক নক্ষত্রের বিদায়

১০২ বছর বয়সে মারা গেলেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ইভা মেরি সেইন্ট। স্থানীয় সময় ৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। অভিনেত্রীর মুখপাত্র জেফ স্যান্ডারসন জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
প্রায় সাত দশকের অভিনয়জীবনে ইভা মেরি সেইন্ট হলিউডের অন্যতম স্মরণীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৫৪ সালে ইলিয়া কাজানের ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। মার্লন ব্র্যান্ডোর বিপরীতে অভিনয় করে প্রথম ছবিতেই দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি। একই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জিতে নেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।
অভিষেকের পর একের পর এক গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন ইভা মেরি সেইন্ট। অ্যালফ্রেড হিচককের ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-এ ক্যারি গ্র্যান্টের বিপরীতে ডাবল এজেন্টের চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পান তিনি।
এ ছাড়া ‘এক্সোডাস’ ও ‘অল ফল ডাউন’ সিনেমায় পল নিউম্যান ও ওয়ারেন বিটির মতো তারকাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে পরিবার ও সন্তানকে বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অভিনয়ের কাজ কিছুটা কমিয়ে দেন এই অভিনেত্রী।
বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও ছিল তার সফল উপস্থিতি। ১৯৯০ সালে ‘পিপল লাইক আস’ মিনি সিরিজে অভিনয়ের জন্য এমি অ্যাওয়ার্ড জেতেন তিনি। পরবর্তী সময়েও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি। ২০০৬ সালের ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমায় সুপারম্যানের পালক মায়ের চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও পরিচিত হন তিনি।
জীবনের শেষ দিকেও অভিনয়ের প্রতি আগ্রহ ধরে রেখেছিলেন ইভা মেরি সেইন্ট। ‘উইন্টারস টেল’ এবং ২০১৯ সালের ‘মারিয়েট ইন এক্সট্যাসি’সহ বিভিন্ন চলচ্চিত্রে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।
১৯২৪ সালের ৪ জুলাই নিউ জার্সিতে জন্ম নেওয়া ইভা মেরি সেইন্ট প্রথমে শিক্ষকতা নিয়ে পড়াশোনা করলেও পরে থিয়েটারের প্রতি আকৃষ্ট হন। নিউ ইয়র্কের অ্যাক্টরস স্টুডিওতে অভিনয়ের প্রশিক্ষণ নেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ছিলেন স্থির। পরিচালক জেফ্রি হেইডেনের সঙ্গে তার দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল প্রায় ৬৫ বছর।
ইভা মেরি সেইন্টের মৃত্যুতে হলিউডের সোনালী যুগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো। অভিনয়ের দীর্ঘ পথচলায় অস্কার ও এমিসহ নানা স্বীকৃতি পাওয়া এই অভিনেত্রী রেখে গেলেন স্মরণীয় সব চরিত্র ও এক সমৃদ্ধ উত্তরাধিকার।



