৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

মতিঝিলের হীরাঝিল হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা

Q524tReNnAnmuqp47fV0M3drHLIQG2dAiiUZhjflUt

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, লেবেলবিহীন ঘি ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর মতিঝিলের হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

৭ অক্টোবর মতিঝিলের ২২ নম্বর বাণিজ্যিক এলাকায় অবস্থিত হীরাঝিল হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।

অভিযান চলাকালে হোটেলটির রান্নাঘরে বেশ কিছু অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে আসে। রান্নাঘরের মেঝে ছিল নোংরা ও স্যাঁতস্যাঁতে। সেখানে ঢাকনাবিহীন অবস্থায় ময়লার পাত্রও পাওয়া যায়। পাশাপাশি কোনো ধরনের লেবেল ছাড়াই ঘি সংরক্ষণ ও রান্নায় ব্যবহার করতে দেখা যায়।

খাদ্য প্রস্তুতের সঙ্গে যুক্ত কর্মীদের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছিল না। অভিযানে কর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি। এ ছাড়া হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রয়োজনীয় প্রমাণক দেখাতে ব্যর্থ হয়। এসব অনিয়ম ও আইন লঙ্ঘনের বিষয় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেল কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দলও দায়িত্ব পালন করে।

খাদ্য পরিবেশনের সঙ্গে সরাসরি যুক্ত প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত রান্নাঘর এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা বাধ্যতামূলক। হীরাঝিল হোটেলের বিরুদ্ধে পরিচালিত এই অভিযান সেই নিয়ম মেনে চলার গুরুত্ব আবারও সামনে এনেছে।

Advertisements

Advertisements