দুই টাকার জন্য মাছওয়ালি হতে হলো কৌশানীকে!

টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জিকে এবার একেবারেই ভিন্ন রূপে দেখা গেল। ‘বহুরূপী’ সিনেমার জনপ্রিয় চরিত্র ঝিমলি হয়ে আবারও দর্শকের সামনে ফিরছেন তিনি। আগামী ১৫ অক্টোবর মুক্তি পেতে যাওয়া ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমার প্রচারে এবার তাকে দেখা গেল মেছুনির বেশে।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির এই সিনেমার প্রচারের অংশ হিসেবে প্রকাশিত একটি ভিডিওতে কৌশানীকে পুরোপুরি ডি-গ্ল্যাম লুকে দেখা যায়। মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, সাধারণ শাড়ি, শ্যামলা মেকআপ আর হাতে বড় বড় মাছ—সব মিলিয়ে তাকে চেনাই কঠিন।

ভিডিওতে ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি’ ক্যাপশনে কৌশানীকে মাছ বিক্রির হাঁক দিতে দেখা যায়। কখনও ক্রেতাদের উদ্দেশে বলছেন, ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান।’
শুধু মাছ বিক্রির অভিনয় নয়, বটি নিয়ে মাছ কাটার কাজও করতে হয়েছে অভিনেত্রীকে। বড় মাছ কাটতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে দেখা যায় তাকে। একপর্যায়ে মজার ছলে কৌশানী বলেন, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’
অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই মাছবাজারের হকারদের মতো গলা ফাটিয়ে হাঁক দিতেও দেখা যায় তাকে। আবার শুটিং দ্রুত শেষ করার জন্য মজার ছলে দর্শকদের উদ্দেশে বলেন, ‘এরকম করছি, এর মধ্যেই কিনে নিন, পায়ে পড়ছি।’
কৌশানীর এমন অভিনব প্রচার এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কৌতূহল তৈরি করেছে। ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও ঝিমলি চরিত্রে তার প্রত্যাবর্তন হওয়ায় সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ বাড়ছে।



