উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হতে চায় বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের কিশোরীরা। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরে গেছে উজবেকিস্তান। ফলে শুরুতেই কিছুটা চাপে রয়েছে স্বাগতিক দল। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ।
ম্যাচকে সামনে রেখে বুধবার উজবেকিস্তান ফুটবল একাডেমি ট্রেনিং সেন্টারে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। চূড়ান্ত প্রস্তুতিতে বলের নিয়ন্ত্রণ, খেলোয়াড়দের অবস্থান ঠিক রাখা এবং সেট-পিস পরিস্থিতিতে কীভাবে আক্রমণ ও প্রতিরোধ গড়ে তোলা যায়—এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিপক্ষের প্রথম ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করেই মাঠে নামার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। প্রধান কোচ এ কে এম সাইফুল বারী টিটুর মতে, প্রথম ম্যাচের ফল দেখে উজবেকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বরং পুরো ম্যাচেই নিজেদের পরিকল্পনা ধরে রেখে খেলতে হবে।
টিটু বলেন, ম্যাচ ভেন্যুতে পাঁচটি অনুশীলন সেশন করার সুযোগ দলকে ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করেছে। যেকোনো প্রতিযোগিতায় প্রথম ম্যাচের গুরুত্ব অনেক বেশি উল্লেখ করে তিনি জানান, ফিলিপাইনের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও উজবেকিস্তান প্রথমার্ধে ভালো ফুটবল খেলেছিল। তাই তাদের বিপক্ষে বাংলাদেশকে বাড়তি মনোযোগ ও শক্তি নিয়ে খেলতে হবে।
বাংলাদেশ কোচের মতে, ম্যাচে চাপ সামলে নিজেদের কৌশল ঠিক রাখাটাই হতে পারে সাফল্যের অন্যতম চাবিকাঠি। বল নিজেদের দখলে থাকুক কিংবা প্রতিপক্ষের কাছে—দুই পরিস্থিতিতেই নির্ধারিত কাঠামোর মধ্যে থেকে খেলার ওপর জোর দিচ্ছেন তিনি। পাশাপাশি সেট-পিস থেকেও সুযোগ তৈরি করতে চায় বাংলাদেশ।
দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে টিটু বলেন, মেয়েরা ম্যাচের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত। তার পরিকল্পনায় ধৈর্য ধরে নিজেদের খেলা ধরে রাখার পাশাপাশি সুযোগ পেলেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা গুরুত্বপূর্ণ।
এদিকে বাংলাদেশ শিবিরে চোটের কোনো সমস্যা নেই। সব খেলোয়াড়ই ম্যাচের জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন কোচ। উজবেকিস্তানের আবহাওয়াও দলের খেলোয়াড়দের দীর্ঘ সময় মাঠে লড়াই করার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছেন তিনি।
সব মিলিয়ে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ম্যাচের ভালো ফল বের করে আনাই বাংলাদেশের লক্ষ্য।



