চুলা ছাড়াই তৈরি করুন ঝটপট সকালের নাস্তা

সকালের ব্যস্ততা মানেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা। অফিসে যাওয়ার তাড়া, বাচ্চাদের স্কুলের প্রস্তুতি—সবকিছুর মাঝে নাস্তা তৈরি করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। তার ওপর রান্নার সময় যদি গ্যাস না থাকে, তাহলে পরিস্থিতি আরও বিড়ম্বনার হয়ে দাঁড়ায়।
তবে গ্যাসের সংকট থাকলেও নাস্তা নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই। চুলা ছাড়াই মাইক্রোওয়েভ ব্যবহার করে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন সুস্বাদু ও পেটভরা নো-অয়েল এগ ফ্রাইড রাইস। রান্নার ঝামেলা কম হওয়ায় ব্যস্ত সকালের জন্য এটি হতে পারে বেশ কার্যকর একটি বিকল্প।
উপকরণ
- ১ প্লেট রান্না করা ভাত
- ১টি ডিম
- পছন্দমতো সবজি, ছোট ছোট করে কাটা
- ১ চা-চামচ সয়া সস
- অল্প গোলমরিচের গুঁড়া
- স্বাদমতো লবণ
- ২ চা-চামচ ঘি
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি মাইক্রোওয়েভ-সেইফ বাটিতে এক প্লেট রান্না করা ভাত নিন। এর মধ্যে একটি কাঁচা ডিম দিয়ে ভাতের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, ডিম যেন ভাতের সঙ্গে সমানভাবে মিশে যায়।
এরপর এতে পছন্দমতো ছোট করে কাটা সবজি যোগ করুন। সবজির সঙ্গে এক চা-চামচ সয়া সস, সামান্য গোলমরিচের গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিন। সবশেষে দুই চা-চামচ ঘি দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।
এবার বাটিটি মাইক্রোওয়েভে দিয়ে ১ থেকে ২ মিনিট গরম করুন। এরপর বের করে দেখে নিন ডিম পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না। প্রয়োজন হলে আরও কিছুক্ষণ মাইক্রোওয়েভে গরম করুন। ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নাস্তাপরিবেশনের জন্য প্রস্তুত।
গ্যাস বা চুলা ছাড়াই অল্প সময়ে তৈরি হয়ে গেল ঝটপট এগ ফ্রাইড রাইস। ব্যস্ত সকালে সময় কম থাকলে কিংবা গ্যাসের সংকট দেখা দিলে সহজেই তৈরি করা যায় এই নাস্তা। রান্নার ঝামেলা কম, উপকরণও সহজলভ্য—তাই সকালের জন্য এটি হতে পারে দ্রুত ও সুবিধাজনক একটি খাবার।



