৭ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩
বিবিধ

নারী খেলোয়াড়দের হয়রানিতে জিরো টলারেন্সের সুপারিশ

govt-muy0o9t5glra5hl-20261007172253

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি যেকোনো ধরনের হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়ার সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপরও গুরুত্ব দিয়েছে কমিটি।

বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং তাদের খেলাধুলা ও কর্মমুখী বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭, সিজন–২’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

যুবসমাজকে ক্রীড়া ও কর্মমুখী কর্মকাণ্ডে যুক্ত করার অংশ হিসেবে কর্মহীন যুবক-যুবতীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় আনার পরামর্শ দিয়েছে কমিটি। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় প্রতিবছর নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য খেলাধুলার আয়োজনের কথাও বলা হয়েছে।

বৈঠকে নারী খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। খেলাধুলার ক্ষেত্রে তাদের সঙ্গে কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত আচরণ যাতে না ঘটে, তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের সুপারিশ করা হয়।

এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্মাণ প্রকল্পে ঠিকাদাররা যাতে নিম্নমানের উপকরণ ব্যবহার করতে না পারেন, সে জন্য নিয়মিত তদারকি এবং যথাযথ মাননিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশও করেছে কমিটি।

Advertisements

কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য মোরশেদ মিলটন, জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) ও আতাউর রহমান অংশ নেন।

কমিটির সভাপতির আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

Advertisements