যুক্তরাষ্ট্রের সহায়তায় ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা

বাংলাদেশে হাম ও রুবেলার ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। এর আওতায় প্রায় ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় ‘ক্যাচ-আপ’ টিকাদান কর্মসূচির মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম ও রুবেলা থেকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশে রোগ দুটির প্রাদুর্ভাবের মধ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইউনিসেফের মাধ্যমে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় কর্মসূচিটিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানান যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই।
সম্প্রতি রাজধানীর বনানীর কড়াইল এলাকার টিঅ্যান্ডটি মাঠে চলমান টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
পরিদর্শনের সময় ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং সংস্থাটির ইমিউনাইজেশন লিড ডা. রিয়াদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কর্মসূচিটির মাধ্যমে হাম ও রুবেলার ঝুঁকিতে থাকা শিশুদের টিকাদানের আওতায় এনে তাদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চলমান প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।



