৭ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩
বিনোদন

৯৪ বছরে মারা গেলেন রবীন্দ্রসঙ্গীতশিল্পী বিভা সেনগুপ্ত

Biva-Sengupta-20261006123601

ভারতের প্রবীণ রবীন্দ্রসঙ্গীতশিল্পী বিভা সেনগুপ্ত আর নেই। মঙ্গলবার সকাল ৭টার দিকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী শ্রাবণী সেন।

বয়সজনিত নানা শারীরিক জটিলতায় বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল বিভা সেনগুপ্তের। মৃত্যুর কয়েক দিন আগেও তার সঙ্গে দেখা করেছিলেন সংগীতশিল্পী অলক রায়চৌধুরী।

গত ২৯ সেপ্টেম্বর ‘লোকভারতী’র পক্ষ থেকে বিভা সেনগুপ্তকে তার বাড়িতে গিয়ে সম্মাননা দেওয়া হয়। ওই অনুষ্ঠানের স্মৃতিচারণ করে অলক রায়চৌধুরী জানান, সেদিনও শিল্পীকে বেশ প্রাণবন্ত মনে হয়েছিল। তাদের মধ্যে দীর্ঘ সময় নানা বিষয়ে কথাও হয়েছিল।

বিভা সেনগুপ্তের জন্ম ত্রিপুরায়। ১৯৫৯ সালে তিনি কলকাতায় পাড়ি জমান। সেখানে সংগীতশিল্পী মায়া সেনের কাছে রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন। পরবর্তী সময়ে মায়া সেন তাকে বিশিষ্ট সংগীতশিল্পী দেবব্রত বিশ্বাসের কাছে নিয়ে যান। বিভার গান দেবব্রত বিশ্বাসের ভালো লাগে এবং এরপর তার কাছ থেকেই সংগীতের শিক্ষা নেওয়ার সুযোগ পান তিনি।

নিজস্ব পরিবেশনশৈলীর কারণে রবীন্দ্রসঙ্গীতের ভুবনে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন বিভা সেনগুপ্ত। তাঁর গায়কিতে দেবব্রত বিশ্বাসের প্রভাব থাকলেও তিনি কখনো গুরুর গায়কিকে হুবহু অনুসরণ করেননি। বরং গুরুর কাছ থেকে পাওয়া সংগীতভাবনাকে নিজের কণ্ঠ ও উপস্থাপনার ধরনে রূপ দিয়েছিলেন।

বিভার গান পরিবেশনের ধরন ছিল অনেকটা কথনের মতো। শুধু সুর ও স্বরের মাধ্যমে গান গাওয়ার বদলে তিনি গানের কথা ও আবেগকে শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিতেন। এ কারণেই তার গায়কিতে তৈরি হয়েছিল আলাদা এক আবহ।

Advertisements

জীবনের শেষ কয়েক বছর নানা শারীরিক সমস্যার মধ্য দিয়ে কাটিয়েছেন এই শিল্পী। চোখের দৃষ্টিশক্তি নিয়ে সমস্যায় ভুগেছেন, কমে গিয়েছিল শ্রবণশক্তিও। পাশাপাশি কাছের মানুষদের হারানোর বেদনাও তাকে সইতে হয়েছে। তারপরও সংগীতচর্চা থেকে নিজেকে সরিয়ে নেননি তিনি।

জীবনের শেষ এক দশক বা তারও বেশি সময়ে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও আবারও পরিচিত হয়ে ওঠেন বিভা সেনগুপ্ত। তার দীর্ঘ সংগীতজীবন ও স্বতন্ত্র রবীন্দ্রসঙ্গীত পরিবেশন তাকে সংগীতাঙ্গনে স্মরণীয় করে রাখবে।

Advertisements