৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২১ আশ্বিন ১৪৩৩
বিনোদন

‘প্রেশার কুকার’ এবার ওটিটিতে, দেখা যাবে ঘরে বসেই

Pressure-cooker

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে আসছে নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। আগামী ৮ অক্টোবর থেকে বিশ্বব্যাপী দর্শকের জন্য সিনেমাটি উন্মুক্ত করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই। ফলে ঘরে বসেই দেখা যাবে চার নারীকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা।

হইচই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জানিয়েছে, ঢাকার ব্যস্ত ও চাপপূর্ণ জীবনের মধ্যে চার নারীর জীবনে কীভাবে নানা সংকট তৈরি হয়, সেই গল্পই উঠে এসেছে ‘প্রেশার কুকার’-এ। শহরের নানা চাপ, সামাজিক টানাপোড়েন এবং ব্যক্তিগত জীবনের সংগ্রাম মিলিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি।

সংগৃহীত

চলতি বছরের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এতে কেন্দ্রীয় চার নারী চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা গেছে ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, গাজী রাকায়েত, আজিজুল হাকিম ও সাবেরী আলমকে।

সিনেমাটির ভাবনা প্রসঙ্গে পরিচালক রায়হান রাফী বলেন, ঢাকার মতো একটি শহর নারীদের জীবনে নানা ধরনের চাপ তৈরি করে। সেই চাপ যখন অসহনীয় পর্যায়ে পৌঁছায়, তখনই যেন ‘প্রেশার কুকার’-এর সিটি বেজে ওঠে। ঈদে দর্শকদের ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।

ইমপ্রেস টেলিফিল্ম ও রায়হান রাফীর প্রযোজনা প্রতিষ্ঠান কানন ফিল্মস যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে। এটি রাফীর প্রথম প্রযোজিত সিনেমা।

Advertisements

নিজের প্রথম প্রযোজনার কাজটি প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে উৎসর্গ করেছেন রায়হান রাফী। এ প্রসঙ্গে তিনি জানান, তারেক মাসুদের চলচ্চিত্র দেখে তিনি সিনেমা নির্মাণে অনুপ্রাণিত হয়েছেন এবং তাকে গুরুতুল্য মনে করেন। তাই প্রথম প্রযোজিত সিনেমাটি তার নামে উৎসর্গ করা রাফীর কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

Advertisements