ক্যানসারে আক্রান্ত কথাশিল্পী নাসরীন জাহান, চিকিৎসায় সহায়তার আহ্বান

বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী নাসরীন জাহান দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে তার কিডনিতেও জটিলতা দেখা দিয়েছে। নিয়মিত কেমোথেরাপি, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তার পরিবারের ওপর আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে তার চিকিৎসা অব্যাহত রাখতে সহায়তার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও শুভানুধ্যায়ীরা।

নাসরীন জাহানের স্বামী কবি আশরাফ আহমদ জানান, এক বছরেরও বেশি আগে তার ইউরিনারি ব্লাডারে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে। পাশাপাশি কিডনির জটিলতাও বেড়েছে। গত কয়েক মাস ধরে তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ৬ দশমিক ৫-এর বেশি রয়েছে।
বাংলা কথাসাহিত্যে নিজস্ব ভাষাশৈলী ও বিষয় নির্বাচনের কারণে নাসরীন জাহান দীর্ঘদিন ধরেই পাঠকের কাছে পরিচিত। তার প্রথম উপন্যাস ‘উড়ুক্কু’ প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে। পরে গল্প ও উপন্যাসসহ বিভিন্ন ধরনের সাহিত্যকর্মে তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০টির বেশি। সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
বর্তমানে চিকিৎসার ব্যয় ক্রমেই বাড়তে থাকায় পরিবারের পক্ষে তা একা বহন করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় নাসরীন জাহানের পাশে দাঁড়ানোর জন্য লেখক, পাঠক, প্রকাশক, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তার স্বজনেরা।
প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, এই কঠিন সময়ে নাসরীন জাহানের পাশে সবার দাঁড়ানো প্রয়োজন। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য সরকারের সহযোগিতার বিষয়টিও বিবেচনা করা উচিত বলে তিনি মনে করেন।
তিনি বলেন, সংকটের সময় একজন মানুষের পাশে আরেকজন দাঁড়ানোই মানবিকতার বড় পরিচয়। নাসরীন জাহানের চিকিৎসা চালিয়ে নিতে সামান্য সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে নাসরীন জাহানের নিকটাত্মীয় কবি ফরিদ কবিরও তার চিকিৎসার ব্যয় মেটাতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার জন্য সুহৃদদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তার চিকিৎসার জন্য সরাসরি আর্থিক সহায়তা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
সহায়তা পাঠানোর তথ্য
নাম: Nasreen Jahan
ব্যাংক: Mutual Trust Bank Limited
শাখা: Panthapath Branch
অ্যাকাউন্ট নম্বর: 00303 1001 2266
SWIFT Code: MTBL BDDH
Taptap Send অথবা অন্য কোনো নিরাপদ অর্থ স্থানান্তর সেবার মাধ্যমে ব্যাংক হিসাবে সহায়তা পাঠানো যাবে। এছাড়া বিকাশের মাধ্যমেও সহযোগিতা করা যাবে।
বিকাশ: 01713006487



