৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২১ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্য

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

dengue-samakal-64c4dabcf0d47

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে ঢাকার হাসপাতালগুলোকে অতিরিক্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর বিষয়েও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

গত রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভা শেষে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম জানান, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগী বার্ন ইউনিটে স্থানান্তরের ব্যবস্থাও করা হবে। একই সঙ্গে ঢাকা মেডিকেলে স্থাপিত ফিল্ড হাসপাতাল চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আরও শয্যা বাড়াতে বলা হয়েছে। রাজধানীর বাইরে থেকে আসা রোগীদের চিকিৎসার চাপ সামলাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিবর্তে কুর্মিটোলা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালকে প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. নুরুল ইসলাম বলেন, ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। এ কারণে রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালকদের শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোগীর চাপ হাসপাতালের সক্ষমতার বাইরে চলে গেলে চিকিৎসা নিতে আসা মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। সেই চাপ কমাতে ঢাকার বাইরের হাসপাতালগুলোকেও প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

Advertisements

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯০ হাজার ৩৫৬ জন ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৮১ জন। মৃতদের মধ্যে ১৩২ জন পুরুষ ও ১৪৫ জন নারী।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৭ শতাংশ।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১২৭ জন মারা গেছেন। এ ছাড়া বরিশালে ২৪ জন, চট্টগ্রামে ২৫, খুলনায় ৫৫, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ১৯, রংপুরে ৬ এবং সিলেটে ২ জনের মৃত্যু হয়েছে।

Advertisements