৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২১ আশ্বিন ১৪৩৩
বিবিধ

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

dpe-medium

প্রায় ১০ মাস অপেক্ষার পর অবশেষে দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য। পদটি দশম গ্রেডে উন্নীত করার পর এবার নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণের পদ্ধতি কার্যকর করতে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে নির্ধারণের পদ্ধতি আইবাস++ সফটওয়্যারে যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষকরা গত বছরের ডিসেম্বর থেকে দশম গ্রেড অনুযায়ী বর্ধিত বেতন পাওয়ার অপেক্ষায় ছিলেন। তবে নতুন আদেশে বকেয়া বেতন-ভাতার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ বা জিও জারির আগের সময়ের কোনো আর্থিক বকেয়া প্রধান শিক্ষকরা পাবেন না। ফলে জিও জারির আগে থেকেই দশম গ্রেড কার্যকর ধরে যে বকেয়া দাবি করা হচ্ছিল, তা পাওয়ার সুযোগ থাকছে না।

আদালতের রায়ের পর ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করার প্রজ্ঞাপন জারি করে। তবে প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে এতদিন নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা সম্ভব হয়নি।

নতুন বেতন কাঠামো অনুযায়ী দশম গ্রেডে প্রধান শিক্ষকদের মূল বেতন ৩২ হাজার টাকা থেকে শুরু হবে এবং সর্বোচ্চ মূল বেতন হবে ৭৭ হাজার ৩০০ টাকা। এর আগে দশম গ্রেডে মূল বেতন ছিল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত।

দশম গ্রেডে উন্নীত হওয়ার আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদ ১১তম ও ১২তম গ্রেডের মধ্যে ছিল। সে সময় ১১তম গ্রেডে মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে শুরু হতো।

Advertisements
Advertisements