৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
বিবিধ

ফেসবুকে ট্রেন্ডিং ভ্রমণ ম্যাপ, নিজেরটা বানাবেন যেভাবে

download

দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অনেকেরই আছে। কেউ পাহাড় পছন্দ করেন, কেউ সমুদ্র, আবার কেউ ছুটে যান ঐতিহাসিক স্থাপনা কিংবা গ্রামবাংলার প্রকৃতি দেখতে। তবে এত জায়গা ঘোরার পর অনেক সময় হিসাব করে দেখা হয় না—কতটি জেলা ঘোরা হয়েছে, আর কোন জেলাগুলো এখনো বাকি।

এবার সেই হিসাব রাখা যাবে আরও সহজে। অনলাইনে কয়েকটি ধাপ অনুসরণ করেই তৈরি করে নিতে পারবেন নিজের ভ্রমণ করা বাংলাদেশের একটি ব্যক্তিগত ম্যাপ। সেখানে এক নজরেই দেখা যাবে আপনি দেশের কতটি জেলা ঘুরেছেন এবং কোন কোন জেলা এখনো ভ্রমণের তালিকায় রয়েছে।

ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের তৈরি এই অনলাইন ম্যাপটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই নিজেদের ভ্রমণ করা জেলার তালিকা দিয়ে ম্যাপ তৈরি করে সেটির ছবি ফেসবুক টাইমলাইনে শেয়ার করছেন।

যেভাবে তৈরি করবেন নিজের ভ্রমণ ম্যাপ

নিজের ভ্রমণ ম্যাপ তৈরি করতে প্রথমে যেতে হবে unseenbangladesh.com ওয়েবসাইটে। সেখানে বাংলাদেশের আটটি বিভাগ এবং মোট ৬৪ জেলার একটি মানচিত্র দেখতে পাবেন।

এরপর আপনি যেসব জেলা ইতোমধ্যে ঘুরেছেন, সেগুলো নির্বাচন করতে হবে। এ কাজটি করার জন্য ওয়েবসাইটে জেলার তালিকা দেওয়া রয়েছে। তালিকা থেকে একটি একটি করে জেলার নাম নির্বাচন করা যায়। আবার চাইলে সরাসরি মানচিত্রে থাকা নির্দিষ্ট জেলার ওপর ক্লিক করেও সেটি বেছে নেওয়া সম্ভব।

কোনো জেলার অবস্থান বা নাম খুঁজে পেতে সমস্যা হলে রয়েছে সার্চ অপশন। সেখানে জেলার নাম লিখলেই সহজেই নির্দিষ্ট জেলাটি খুঁজে বের করে নির্বাচন করা যাবে।

Advertisements

আপনি যতগুলো জেলা নির্বাচন করবেন, তার মোট সংখ্যাও স্বয়ংক্রিয়ভাবে ম্যাপে দেখানো হবে। যেমন—৬৪টি জেলার মধ্যে যদি ১০টি জেলা ঘোরা হয়ে থাকে, তাহলে সেখানে আপনার ভ্রমণের হিসাব ১০/৬৪ হিসেবে দেখা যাবে।

একসঙ্গে সবগুলো জেলা নির্বাচন করতে চাইলে রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আর আগের নির্বাচন মুছে দিয়ে নতুন করে তালিকা তৈরি করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’ অপশন।

অর্থাৎ, খুব সহজ কয়েকটি ধাপেই নিজের ঘুরে দেখা বাংলাদেশের একটি ব্যক্তিগত ভ্রমণচিত্র তৈরি করা সম্ভব।

পছন্দ অনুযায়ী সাজিয়ে নিন ম্যাপ

শুধু জেলা নির্বাচন করেই থেমে থাকতে হবে না। নিজের পছন্দ অনুযায়ী ম্যাপটিকে আরও আকর্ষণীয় করে তোলার সুযোগও রয়েছে।

ভ্রমণ ম্যাপে মোট পাঁচ ধরনের থিম রাখা হয়েছে। সেখান থেকে নিজের পছন্দের থিম নির্বাচন করে ম্যাপের রঙ ও সামগ্রিক উপস্থাপন বদলে নিতে পারবেন। থিম পরিবর্তনের পর ম্যাপটি কেমন দেখাচ্ছে, সেটিও দেখে নেওয়ার সুযোগ রয়েছে।

এ ছাড়া চাইলে ম্যাপের সঙ্গে নিজের পছন্দের ছবিও যুক্ত করা যাবে। ফলে শুধু কোন কোন জেলা ঘুরেছেন, সেটিই নয়; নিজের ভ্রমণের স্মৃতিও ম্যাপটির সঙ্গে যুক্ত করে রাখা সম্ভব।

ম্যাপে নিজের নামও যোগ করা যাবে

ভ্রমণ ম্যাপে নিজের নাম যুক্ত করার সুবিধাও রয়েছে। তবে নাম দেওয়া বাধ্যতামূলক নয়।

নাম যুক্ত করলে সেটি ম্যাপের ওপর প্রদর্শিত হবে। আর কেউ নাম না দিলে ম্যাপে স্বয়ংক্রিয়ভাবে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।

ফলে চাইলে এটি ব্যক্তিগত ভ্রমণের রেকর্ড হিসেবে সংরক্ষণ করা যায়, আবার চাইলে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে নিজের ভ্রমণের অভিজ্ঞতাও শেয়ার করা যায়।

যেভাবে সংরক্ষণ করবেন তৈরি করা ম্যাপ

জেলাগুলো নির্বাচন, থিম বাছাই, ছবি ও নাম যুক্ত করা—সবকিছু শেষ হলে পেজের নিচের দিকে যেতে হবে। সেখানে ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ নামে একটি অপশন পাওয়া যাবে।

এই অপশনে ক্লিক করলেই তৈরি করা ভ্রমণ ম্যাপটি সংরক্ষণ করা যাবে। ব্যবহারকারীর সুবিধার জন্য ম্যাপটি PNG, JPG অথবা PDF—এই তিনটি ফরম্যাটের যেকোনো একটিতে ডাউনলোড করার সুযোগ রয়েছে।

তাই দেশের কোন কোন জেলা ইতোমধ্যে ঘুরে ফেলেছেন কিংবা ভ্রমণের তালিকায় এখনো কতগুলো জেলা বাকি—সেটি জানতে চাইলে নিজেই তৈরি করে নিতে পারেন নিজের বাংলাদেশ ভ্রমণ ম্যাপ। সময়ের সঙ্গে নতুন জেলা ঘুরে এলে ম্যাপটিও আপডেট করে রাখা যাবে।

Advertisements