২ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১৭ আশ্বিন ১৪৩৩
বিনোদন

পাকিস্তানি নায়িকাকে নিয়ে শাকিবের ‘মহব্বত’

IMG_5661

শাকিব খানকে নিয়ে আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। নতুন এই সিনেমার নাম ‘মহব্বত’। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সিনেমাটি ঘোষণার পর থেকেই শাকিব খানের বিপরীতে নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ‘মহব্বত’-এ পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনয়শিল্পীকে দেখা যেতে পারে। নায়িকা হিসেবে আলোচনায় রয়েছে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম। তাঁদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে বলেও জানা গেছে। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে।

তবে এখনো কোনো অভিনয়শিল্পীর সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি। পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানও নায়িকা প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। তাঁরা জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিং শেষ করে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের এটি তৃতীয় সিনেমা। এর আগে তাঁদের প্রথম সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটির মাধ্যমে বাংলাদেশি দর্শকদের মধ্যে পরিচিতি পান তিনি। পরে কলকাতার জিৎ ও দেবের বিপরীতেও অভিনয় করেন ইধিকা।

এই ত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিব খানের বিপরীতে ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। ফলে ‘মহব্বত’-এও ভিনদেশি কোনো অভিনেত্রীকে নেওয়া হলে তা আগের দুই সিনেমার ধারাবাহিকতা বজায় রাখবে। তবে এবার পাকিস্তানের জনপ্রিয় কোনো নায়িকা শাকিব খানের বিপরীতে থাকছেন কি না, সেটিই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

Advertisements

সোর্স: প্রথম আলো

Advertisements