১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১৬ আশ্বিন ১৪৩৩
বিশ্ব

চীনা রোবটের তরবারি নাচ, তাক লাগল সৌদিতে

চীনা রোবটের তরবারি নাচ, তাক লাগল সৌদিতে

সৌদি পোশাকে হাতে তরবারি। এরপর বাদ্যের তালে তালে শুরু হলো নাচ। তবে নৃত্যশিল্পী মানুষ নয়— চীনে তৈরি হিউম্যানয়েড রোবট। মানুষের মতোই তালে তালে তাদের সমন্বিত নড়াচড়া নজর কেড়েছে অতিথিদের। রিয়াদে চীনা দূতাবাসের এক অনুষ্ঠানে রোবটগুলোর ঐতিহ্যবাহী ‘আরদাহ’ নৃত্য পরিবেশনের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়াদে সংবর্ধনার আয়োজন করে চীনা দূতাবাস। সেখানে চীনে তৈরি হিউম্যানয়েড রোবটগুলো থোব ও ঘুতরা পরে এবং হাতে আনুষ্ঠানিক তরবারি নিয়ে ‘আরদাহ’ নৃত্যে অংশ নেয়।

ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী ঢোলের তালে রোবটগুলো সারিবদ্ধভাবে একসঙ্গে নড়াচড়া করছে, ঘুরছে এবং মাথা নত করছে। তাদের ভারসাম্য ও সমন্বিত গতিবিধি অনুষ্ঠানে উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে রিয়াদ অঞ্চলের মেয়র প্রিন্স ফয়সল বিন আবদুলআজিজ বিন আইয়াফ আল-মুকরিন এবং সৌদি আরবে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়াসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত চ্যাং হুয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোবটগুলোর পরিবেশনার ভিডিও শেয়ার করেন। তিনি জানান, চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দূতাবাসের আয়োজিত সংবর্ধনায় চীনে তৈরি এসব রোবট ‘আরদাহ’ পরিবেশন করেছে। তার ভাষ্য, পরিবেশনাটি অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মনে গভীর ছাপ ফেলেছে।

সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ ‘আরদাহ’। সাধারণত পুরুষদের একটি দল তরবারি হাতে বাদ্যযন্ত্র ও কবিতার ছন্দের সঙ্গে সমন্বয় করে এ নৃত্য পরিবেশন করে থাকে।

Advertisements

রোবটদের এই পরিবেশনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ রোবটগুলোর মসৃণ ও সমন্বিত নড়াচড়ার প্রশংসা করেছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, প্রযুক্তিনির্ভর এই পরিবেশনা ‘আরদাহ’র সাংস্কৃতিক অর্থ ও চেতনাকে কতটা ধারণ করতে পারে।

অনেকে রোবটগুলোর নাচের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে মানুষের নাচেরও তুলনা করেছেন।

হিউম্যানয়েড রোবোটিক্সে নিজেদের অগ্রগতি বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজনে তুলে ধরছে চীন। সাম্প্রতিক সময়ে চীনে তৈরি রোবটকে নাচ, খেলাধুলা এবং নানা ধরনের কাজ করতে দেখা গেছে।

Advertisements