৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১৫ আশ্বিন ১৪৩৩
শিক্ষা

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয় নেই ঢাবি-বুয়েট

Capture

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (THE) প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭। এবারের তালিকায় বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জায়গা পায়নি। তবে ৮০০ থেকে ১০০০-এর মধ্যে অবস্থান করে দেশের চারটি বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের যে চারটি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ এক হাজারে রয়েছে সেগুলো হলো—অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

এর মধ্যে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে।

অন্যদিকে, ১০০০ থেকে ১২০০-এর মধ্যে থাকা বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ ও একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এবারের র‍্যাঙ্কিং প্রস্তুত করা হয়েছে। শিক্ষা ও গবেষণার মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণার প্রভাব ও সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতিসহ একাধিক সূচক বিবেচনায় নেওয়া হয়েছে।

এবার বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেছে টাইমস হায়ার এডুকেশন।

Advertisements

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ এক হাজারের তালিকায় স্থান পেয়েছে।

ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। প্রতিষ্ঠানটির অবস্থান ২৫৪তম। অন্যদিকে পাকিস্তানের শীর্ষ অবস্থানে থাকা কায়েদ-এ-আজম বিশ্ববিদ্যালয় রয়েছে ৫৫১ থেকে ৬০০-এর ব্যান্ডে।

Advertisements