২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৪ আশ্বিন ১৪৩৩
বিনোদন

প্রাক্তনের কাছ থেকেই সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

porimoni-696f67d3a198f

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে চিত্রনায়িকা পরীমনির দেওয়া পুরোনো একটি সাক্ষাৎকার আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। সেখানে নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে খোলামেলা কথা বলেছিলেন এই অভিনেত্রী।

সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে আলাপকালে বিচ্ছেদ প্রসঙ্গে পরীমনি জানান, শরীফুল রাজকে বিয়ে করা কিংবা জীবনের সেই সময়ের কোনো সিদ্ধান্তকেই তিনি ভুল হিসেবে দেখেন না। তার কাছে জীবনের প্রতিটি ঘটনাই একেকটি অভিজ্ঞতা, যা মানুষকে সামনে এগিয়ে যেতে শেখায়।

অভিনেত্রী বলেন, এর আগে যেসব সম্পর্কে বিচ্ছেদ হয়েছে, সেগুলোর কোনোটি তার জন্য অসম্মানজনক পরিস্থিতি তৈরি করেনি। বরং সম্পর্ক শেষ হওয়ার সময় পারস্পরিক শ্রদ্ধা বজায় ছিল। ফলে পরবর্তীতে কোথাও দেখা হলেও একে অপরের সামনে দাঁড়াতে অস্বস্তি হয়নি।

তবে সাবেক স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা ছিল বলে জানান পরীমনি।

নিজের আক্ষেপের কথা বলতে গিয়ে তিনি জানান, যে মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার প্রত্যাশা ছিল, শেষ পর্যন্ত সেই প্রাক্তনের কাছ থেকেই সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন তিনি। তার মতে, সম্পর্কটির সমাপ্তি আরও সুন্দর ও সম্মানজনকভাবে হতে পারত।

পরীমনির ভাষ্য অনুযায়ী, একটি সম্পর্ক শেষ হয়ে গেলেও পারস্পরিক সম্মান ধরে রাখা সম্ভব। অতীতের সম্পর্কগুলোতে তিনি সেই সম্মান পেয়েছেন বলেও জানান। তবে শরীফুল রাজের সঙ্গে সম্পর্কের শেষটা তার প্রত্যাশা অনুযায়ী হয়নি।

Advertisements

উল্লেখ্য, ২০২১ সালে শরীফুল রাজকে বিয়ে করেন পরীমনি। ২০২৩ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে নিয়ে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। পরবর্তীতে সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তক নেন তিনি।

Advertisements