বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১০৬ ডলারের কাছাকাছি

বিশ্ববাজারে টানা দ্বিতীয় কর্মদিবসে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৯১ ডলারে উঠেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। এর দর ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি আবারও শুরু হওয়ার কিছুটা ইঙ্গিত মিলছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কা বাজারে তৈরি হয়েছে।
সরবরাহ নিয়ে এই অনিশ্চয়তাই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে।



