বান্দরবানে চার বছরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ, ফুফু আটক

বান্দরবানের সদর উপজেলায় চার বছর বয়সী শিশু তাইফা সুলতানাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার ফুফুর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত নার্গিস সুলতানা কচি (৫২) নামে ওই নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে সদর উপজেলার সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইফা সুলতানা ওই এলাকার টিপু খানের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার সকাল থেকেই তাইফাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির নিখোঁজের খবর ছড়িয়ে দেওয়া হয়। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এরপর বিকেলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্থানীয়রা পাশের বাড়িতে শিশুটির ফুফু নার্গিস সুলতানা কচির বাসায় তার মরদেহের সন্ধান পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত নার্গিস সুলতানা কচি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, আটক নার্গিস সুলতানা শিশুটিকে হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



