২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
বিনোদন

ভিএমএতে নতুন রেকর্ড টেইলর সুইফটের, একাধিক পুরস্কার ম্যাডোনার

6ab9d19390fd4

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) এবারের আসরে নতুন মাইলফলক গড়েছেন টেইলর সুইফট। ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের মিউজিক ভিডিওর জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে ভিএমএর ইতিহাসে সর্বাধিক পুরস্কার পাওয়া শিল্পী হয়েছেন তিনি।

অনুষ্ঠানের আগে সুইফট ও বিয়ন্সে দুজনেরই ভিএমএ পুরস্কার ছিল ৩০টি করে। এবারের আসরে আরও একটি ট্রফি জিতে বিয়ন্সেকে ছাড়িয়ে যান ৩৬ বছর বয়সী এই মার্কিন গায়িকা।

‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানটি সুইফটের ২০২৫ সালের অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর অংশ। গানটির মিউজিক ভিডিওর চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বও নিজেই সামলেছেন তিনি। এ কাজের স্বীকৃতিস্বরূপ এবারের ভিএমএতে প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর’ পুরস্কারও পেয়েছেন সুইফট।

নতুন এই সম্মাননা প্রয়াত মার্কিন সংগীতশিল্পী ডলি পার্টনকে উৎসর্গ করেন তিনি। পুরস্কার গ্রহণের সময় সুইফট বলেন, একসময় ডলি পার্টনের সঙ্গে একই পৃথিবীতে থাকার সুযোগ পাওয়াটাই তাদের জন্য সৌভাগ্যের বিষয়।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের ভিএমএ অনুষ্ঠান উপস্থাপনা করেন র‍্যাপার স্নুপ ডগ। অনুষ্ঠানে সুইফট তার নতুন গান ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিওও প্রকাশ করেন। এতে অভিনয় করেছেন কলিন ফ্যারেল ও ডাকোটা জনসন। এনএফএল তারকা ট্রাভিস কেলসেকে বিয়ের পর এটিই সুইফটের প্রথম মিউজিক ভিডিও।

একাধিক পুরস্কার জিতলেন ম্যাডোনা

এবারের ভিএমএতে সর্বোচ্চ ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ম্যাডোনা। এর মধ্যে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’, ‘বেস্ট ড্যান্স’ ও ‘বেস্ট কলাবরেশন’সহ বেশ কয়েকটি পুরস্কার ঘরে তুলেছেন ৬৮ বছর বয়সী এই সংগীতশিল্পী।

Advertisements

সাবরিনা কার্পেন্টারের সঙ্গে করা ‘ব্রিং ইওর লাভ’ গানের জন্য ‘বেস্ট কলাবরেশন’ পুরস্কার পান ম্যাডোনা। গানটি তার ২০২৬ সালের অ্যালবাম ‘কনফেশন্স টু’-এর প্রধান একক। একই অ্যালবামকে ঘিরে নির্মিত চলচ্চিত্রের জন্য তার দল ‘বেস্ট সিনেমাটোগ্রাফি’ এবং ‘বেস্ট কোরিওগ্রাফি’ পুরস্কারও পেয়েছে।

‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার নেওয়ার সময় ম্যাডোনা তার দীর্ঘ সংগীতজীবনের শুরুর দিকের স্মৃতি তুলে ধরেন। তিনি জানান, প্রথমবার ভিএমএর মঞ্চে পারফর্ম করার সময় অনুষ্ঠানে উপস্থিত অনেক দর্শকেরই তখন জন্ম হয়নি। ৪৩ বছর আগের সেই আয়োজনের কথা বলতে গিয়ে ক্যারিয়ারের শুরুর দিকে ঘটে যাওয়া একটি মঞ্চ দুর্ঘটনার কথাও স্মরণ করেন তিনি।

ম্যাডোনা আরও জানান, গত দেড় বছর ছিল নিজেকে নতুনভাবে আবিষ্কার করা, নিজের ওপর আস্থা ফিরে পাওয়া এবং নিজের পছন্দের সংগীত তৈরির সময়।

২০০৩ সালের পর এবারই প্রথম ভিএমএর মঞ্চে পারফর্ম করলেন তিনি। ২০০৩ সালে ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে তাঁর মঞ্চে চুম্বনের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবারের পরিবেশনায় সাবরিনা কার্পেন্টারের সঙ্গে গান গাওয়ার পাশাপাশি ব্রিটিশ শিল্পী চার্লি এক্সসিএক্সও অংশ নেন।

সাবরিনার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ম্যাডোনা বলেন, গানটির প্রস্তাব দেওয়ার পর তার দলের কাছ থেকে পাঁচ দিন কোনো সাড়া পাননি। পরে তিনি নিজেই সাবরিনাকে সরাসরি বার্তা পাঠান। এরপর কয়েক সপ্তাহের মধ্যেই স্টুডিওতে গানটি রেকর্ড করেন তারা।

ভিএমএতে ইতিহাস লিসার

এবারের আসরে নতুন ইতিহাস গড়েছেন ব্ল্যাকপিঙ্কের লিসাও। ‘ড্রিম’ গানের জন্য ‘বেস্ট পপ’ পুরস্কার জিতে এই বিভাগে পুরস্কার পাওয়া প্রথম এশীয় একক শিল্পী হয়েছেন থাই গায়িকা ও র‍্যাপার লিসা।

পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। লিসা বলেন, ভক্তদের সমর্থন ছাড়া তার পক্ষে এই পর্যায়ে পৌঁছানো সম্ভব হতো না।

লিসার পুরো নাম লালিসা মানোবান। ‘ড্রিম’ গানের মিউজিক ভিডিওতে তার সঙ্গে অভিনয় করেছেন জাপানি অভিনেতা কেনতারো সাকাগুচি।

এবারের ভিএমএতে আরও কয়েকজন ব্রিটিশ শিল্পী পুরস্কার পেয়েছেন। রায়ে ও সিয়েনা স্পিরো অনুষ্ঠানে পারফর্ম করেন। সিয়েনা ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরস্কারও জেতেন। অন্যদিকে পিঙ্কপ্যানথেরেস ও সুইডিশ শিল্পী জারা লারসন ‘স্টেটসাইড’ গানের জন্য ‘বেস্ট আর্ট ডিরেকশন’ পুরস্কার পান।

অনুষ্ঠানে প্রয়াত সংগীতশিল্পী ডলি পার্টন ও জর্জ মাইকেলের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কে-পপ ব্যান্ড বিটিএস জিতেছে ‘বেস্ট গ্রুপ’ ও ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার। অলিভিয়া রদ্রিগোর ‘দ্য কিউর’ পেয়েছে ‘বেস্ট অলটারনেটিভ’ পুরস্কার। আর রক ব্যান্ড নির্বানাকে দেওয়া হয়েছে ‘ভিডিও ভ্যানগার্ড’ সম্মাননা।

Advertisements