২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
বিনোদন

নাপিত থেকে ‘সেরা নাচিয়ে’, পুরস্কার হিসেবে পেলেন ১৫ লাখ রুপি

ritesh-in-20260928135459

একসময় মানুষের চুল-দাড়ি কাটতেন। সেই সাধারণ জীবন থেকে নাচের জগতে এসে এবার ভারতের সেরা নৃত্যশিল্পীর খেতাব জিতে নিলেন ১৯ বছর বয়সী রিতেশ পাল। ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর বিজয়ী হয়ে পুরস্কার হিসেবে পেয়েছেন ১৫ লাখ রুপি।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ভারতের রায়পুরের তরুণ রিতেশ তার কোরিওগ্রাফার প্রতীক উটেকরকে সঙ্গে নিয়ে প্রতিযোগিতার শীর্ষস্থান অর্জন করেন।

চূড়ান্ত পর্বে রিতেশ ও প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন দীপালি বোরকার, প্রথমেশ মানে, আনশিকা ধারা ও গীতাঞ্জলি মারওয়াহা। ফাইনালের পরিবেশনা শেষে বিচারক কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইস রিতেশকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

সাধারণ পরিবার থেকে উঠে আসা রিতেশের নাচের যাত্রাটিও ছিল ব্যতিক্রমী। নাপিত হিসেবে কাজ করার পাশাপাশি নাচের অনুশীলন চালিয়ে গেছেন তিনি। কয়েক মাসের প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে শেষ পর্যন্ত নিজের প্রতিভার স্বীকৃতি আদায় করে নেন।

বিজয়ী হওয়ার পর রিতেশ জানান, নাচ তার দীর্ঘদিনের ভালোবাসা। এই প্রতিযোগিতার শিরোপা জয়কে তিনি নিজের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন। বিচারকদের পাশাপাশি কোরিওগ্রাফার প্রতীক উটেকরের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে পুরস্কারের ১৫ লাখ রুপি কীভাবে খরচ করবেন, সেটিও জানিয়েছেন রিতেশ। তার সবচেয়ে বড় স্বপ্ন মায়ের জন্য একটি বাড়ি তৈরি করা। বিজয়ের অর্থ দিয়ে সেই স্বপ্নের পথে এগোতে চান তিনি। ভবিষ্যতে আরও অর্থ জমিয়ে বাড়িটি তৈরি করার পরিকল্পনা রয়েছে তার।

Advertisements

মায়ের জন্য নির্মাণ করতে চাওয়া সেই বাড়ির নামও ঠিক করে রেখেছেন রিতেশ—‘হরিদর্শন’।

Advertisements