২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
বিনোদন

বিয়ের গুঞ্জন থেকে ‘হ্যাপিলি ম্যারিড’, খোলাসা হবে আগামী ৮ অক্টোবরে

keya-with-arifin-20260928172850

‘হ্যাপিলি ম্যারিড’—সামাজিক যোগাযোগমাধ্যমে আরিফিন শুভ ও কেয়া পায়েলের এমন একটি পোস্ট ঘিরে গত জুলাইয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। অনেকেই ধারণা করেছিলেন, গোপনে বিয়ে করেছেন এই দুই তারকা। তবে এবার জানা গেল, বাস্তব জীবনের কোনো ঘোষণা নয়, বরং নতুন ওয়েব ফিল্মের গল্পেই রয়েছে এই ‘হ্যাপিলি ম্যারিড’ রহস্য।

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অধীনে নির্মিত ওয়েব ফিল্মটি চরকি অরিজিনাল হিসেবে মুক্তি পেতে যাচ্ছে। ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।

আগামী ৭ অক্টোবর দিবাগত রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে ‘হ্যাপিলি ম্যারিড’। মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে।

এদিকে বাস্তব জীবনে কবে বিয়ের পিঁড়িতে বসবেন—ভক্তদের এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হচ্ছে কেয়া পায়েলকে। বিষয়টি নিয়ে অভিনেত্রী জানান, তিনি ভাগ্যে বিশ্বাস করেন। তার ভাষায়, যখন সময় হবে, তখনই বিয়ে হবে এবং সবাই তা জানতে পারবেন। তবে নিজের বিয়ে হঠাৎ করেই হয়ে যেতে পারে বলেও মনে করেন তিনি।

বর্তমানে ব্যক্তিগত জীবনের চেয়ে কাজেই বেশি মনোযোগ দিতে চান পায়েল। নাটক, বিজ্ঞাপন ও ফ্যাশন-সংক্রান্ত ব্যস্ততার পাশাপাশি অক্টোবরের শুরুতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার। মাসের শেষ দিকে দেশে ফেরার কথা রয়েছে।

‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে পায়েলের। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি পরিচালক ও পুরো টিমের সহযোগিতার প্রশংসা করেন।

Advertisements

সহশিল্পী আরিফিন শুভরও প্রশংসা করেছেন এই অভিনেত্রী। তার মতে, একজন নায়কের মধ্যে প্রয়োজনীয় গুণ ও ব্যক্তিত্ব শুভর মধ্যে রয়েছে। শুটিং সেটে শুভর আন্তরিকতা, পেশাদারত্ব ও সহযোগিতার কথাও তুলে ধরেন পায়েল।

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত কেয়া পায়েল। তার দাবি, এই সিনেমায় দর্শক তাকে আগের চেয়ে ভিন্নভাবে দেখতে পাবেন। গল্প ও নির্মাণ দর্শকদের ভালো লাগবে বলেও প্রত্যাশা করছেন তিনি।

Advertisements